ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
×

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৬

ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে।’

কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতা-কর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছেন। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব।’

এদিকে ববি হাজ্জাজ ছাড়াও ঢাকা-১৩ আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, এনসিপির আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে নেক মোহাম্মদ, নাগরিক ঐক্যের মাহবুবুর রহমান, বিএনপি (স্বতন্ত্র) কায়েস মাহমুদ, বিএনপির কামরুজ্জামান জুয়েল, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সোহেল রানা, স্বতন্ত্র থেকে শেখ রবিউল ইসলাম।

ঢাকা-১৫ থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন খেলাফত মজলিসের মামুনুল হক, সিপিবির ডা. আহমেদ সাজিদুল হক রুবেল প্রমুখ।

সংশোধিত তপশিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

×