ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৫

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির  প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তাঁর নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে। 

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সমকালকে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচারণা চলবে। এ সময় প্রার্থীরা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ মেনে চলতে বাধ্য থাকবেন। এবারের নির্বাচনে প্রচার সামগ্রীর ওপর বিধিনিষেধ ইসি আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারে যেকোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। এছাড়া প্রচার লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয়; এমন উপাদান ব্যবহার করা যাবে না।

এই বিষয়ে ঢাকা-১১ আসনের বিএনপির  প্রার্থী ড. এম এ কাইয়ুমের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

প্রতিবাদ
২৩ জানুয়ারি সমকাল অনলাইনে প্রকাশিত ‘আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম। সোমবার (২ ফেব্রুয়ারি) এক চিঠিতে তিনি এই প্রতিবাদ জানান। 

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ড. এম এ কাইয়ুম একজন সুপরিচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজকর্মী। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের একজন সাবেক কাউন্সিলর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী। ২৩ জানুয়ারি সমকাল অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয় যা আপত্তিকর। 

প্রতিবাদপত্রে আরও বলা হয়, এম এ কাইয়ুম নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, যা সঠিক নয়। এ সংবাদের কারণে নির্বাচনী এলাকায় তার বিষয়ে নেতিবাচক ধারণা ছড়িয়ে পড়েছে, যা ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি কোনো পোস্টার ব্যবহার করেননি, কোনো নিয়মও লঙ্ঘন করেননি। তার ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন নির্বাচনী আচরণবিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

আরও পড়ুন

×