জুলাই জাদুঘরে নিদর্শন সরানো হয়েছে, বিএনপি হয়ত ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘর পরিদর্শনর শেষে সাংবাদিকদের কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৯:৩০
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যাসহ ভারতীয় আগ্রাসনের চিত্র সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার ভাইবোনদের তালিকা ছিল, ফেলানীর ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে। মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি ও ছবিও সরিয়ে ফেলা হয়েছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে৷ ভয় না পেলে ইতিহাসের অংশ কেন থাকবে না।
আজ শনিবার জুলাই জাদুঘর পরিদর্শনর শেষে এসব কথা বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সময়ে ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাদুঘরটি পরিদর্শন করেছিলেন তিনি।
আগের এবং ৫ আগস্ট উদ্বোধন করা জাদুঘরের পার্থক্য তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেছেন, জাদুঘরে বিএনপির ওপর নির্যাতনের কনটেন্ট বৃদ্ধি করা হয়েছে। দলীয় বক্তব্য ও বয়ান বেড়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণভ্যুত্থান সংগঠিত হয়। সংগঠনটির প্রধান নেতা ছিলেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের একপর্যায়ে গণভবন ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই গণভবনে নির্মিত জাদুঘর পরিদর্শনের পর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন নাহিদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বয়ান এবং কনটেন্ট আসা উচিত। বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকাগুলো আলাদাভাবে আসা উচিত, যা আসেনি। ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলায় আন্দোলনেও পরিমাণ নির্যাতন-নির্মমতা ও প্রতিরোধের গল্প আছে। তা আসেনি জাদুঘরে। পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে।
জাদুঘরটি স্বায়ত্তশাসিত করার প্রস্তাব করে নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মত জুলাইয়ের ইতিহাস যাতে পাল্টে না যায়। জাদুঘরে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। যারা গণঅভ্যুত্থানে ছিলেন, অভ্যুত্থানকে ধারণ করেন, তাঁদের মাধ্যমেই এই জাদুঘর পরিচালিত হওয়া উচিত।
পরিদর্শনের কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, দলীয় এমপি আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। অভ্যুত্থানের সময়ে সমন্বয়কের ভূমিকা পালন না জাহিদ আহসান, আবু বাকের মজুমদার, খান তালাত মাহমুদ রাফি ছিলেন।
- বিষয় :
- নাহিদ ইসলাম
- গণঅভ্যুত্থান
- বিএনপি