ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাস্তবায়ন নয়, জুলাই সনদ নিয়ে অক্ষরে অক্ষরে ধোঁকাবাজি বিএনপির: এনসিপি

বাস্তবায়ন নয়, জুলাই সনদ নিয়ে অক্ষরে অক্ষরে ধোঁকাবাজি বিএনপির: এনসিপি
×
×

সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপি নেতা আক্তার হোসেন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:০১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:০২

নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর বিএনপি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অক্ষরে অক্ষরে ধোঁকাবাজি করেছে বিএনপি। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে জুলাই সনদে। তৎকালীন অন্তর্বর্তী সরকার বলেছিল, এই সনদ হবে ভবিষ্যতের পথরেখা। বিএনপি একে রাজনৈতিক সমঝোতার দলিল আখ্যা দিয়ে নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) হুবহু বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।

সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিতে আজ শনিবার রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা তুলে তুলে ধরেন, সনদের কোনো কোনো সংস্কার প্রস্তাবে নোট অব ডিসেন্ট না থাকার পরও বাতিল করেছে বিএনপি।

সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না জানিয়ে সংবাদ সম্মেলন থেকে দুই দাবি জানিয়েছে। এগুলো হল, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘সংস্কারের যে স্তরগুলো আমরা পেরিয়ে এসেছি, বিএনপি সরকার সেই পরিপক্ব বিষয়গুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তারা আসলে সংস্কার বাস্তবায়ন করতে চায় না। সে জন্যই তারা জুলাই সনদকে নিয়ে টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।’

সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। এতে আখতার হোসেন বলেন, ‘বিএনপি যদি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত, তাহলে সেসব বিষয়ে সংসদে আলোচনা হতো, বিষয়গুলো সুরাহার দিকে পৌঁছাতে পারত; কিন্তু তারা সেটা করেনি। গণভোটের আদেশের প্রশ্ন নিয়ে বিএনপি নানা কথা বলছে। কিন্তু সেখানে রাষ্ট্র ও জাতির জন্য ক্ষতিকর কিছু আছে কি না, সে বিষয়ে তারা কিছু বলতে পারছে না। আসলে যারা নিরঙ্কুশ ও নির্বিঘ্নে জবাবদিহিহীনভাবে ক্ষমতা পরিচালনা করতে চায়, তারা যে সংস্কার চাইবে না, সেটাই স্বাভাবিক ব্যাপার।’

গণভোটের রায় সংসদও অস্বীকার করতে পারে না মন্তব্য করে আখতার হোসেন বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। যে বিষয়ে জুলাই সনদে তাদের ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) নেই, সেটি বাস্তবায়নের ব্যাপারেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। যেমন সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে তারা জুলাই সনদে একমত থাকলেও ক্ষমতায় এসে সেটা বাতিল করে দিয়েছে। বিচারপতি নিয়োগ আইন, পুলিশ কমিশনে নোট অব ডিসেন্ট ছিল না। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি এগুলো বাতিল করেছে।

৩০টি রাজনৈতিক দলের সঙ্গে ৯ মাসের সংলাপে জুলাই সনদ প্রণয়ন করেছিল তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষরের পর গত বছরের ১৩ নভেম্বর অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ জারি করে। এতে বলা হয়েছিল, নির্বাচনের দিন গণভোটে জনগণের কাছে জানতে চাওয়া হবে তাঁরা জুলাই আদেশ অনুমোদন করেন কিনা। অনুমোদন করলে, আদেশ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। 

আদেশে বলা হয়েছিল, এই পরিষদে ভোটের অনুপাতে সংবিধান সংশোধন অনুমোদনের ক্ষমতাসহ ১০০ আসনের সংসদের উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত আটটি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।

জুলাই সনদ বিএনপিতে একমত হয়েছিল বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ আনুপাতিক হারে দেওয়া হবে। 

আখতার হোসেন আরও বলেছেন, ‘সনদে একমত হলেও সেটি না করে বিএনপি এখন বলছে, সংবিধান সংশোধন কমিটিতে না আসায় বিরোধী দলকে সভাপতি পদ দেওয়া হয়নি। এটা কোনো যুক্তি হতে পারে না। এই সংশোধন কমিটি করা হয়েছে জনগণের রায়ের বরখেলাপ করে।’

সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, এটি একদলীয় কমিটি। এটি গণভোটের সঙ্গে প্রতারণা। এতে সাংবিধানিক সংকটের সুরাহাও হবে না। এই কমিটি সংস্কারের উল্টোপথে যাত্রা ও সংস্কার ভেস্তে দেওয়ারই নামান্তর। 

বারবার আহ্বানের পরেও এনসিপি এই কমিটিতে যায়নি উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিতে তাদের বার্তা হচ্ছে, এই একদলীয় কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার বলেন, ‘একজন ব্যক্তির অভিলাষ চরিতার্থ করতে যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, সেটি জাতির সঙ্গে প্রতারণা, নিজেদের সঙ্গেও আত্মপ্রতারণা। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ। তারা আওয়ামী কাঠামো টিকিয়ে রেখেছে। তারা আগামী নির্বাচনকে ম্যানিপুলেট (নিজের পক্ষে নেওয়া) করতে চায়। সে জন্যই তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক প্রমুখ।

আরও পড়ুন

×