সাইফুল হক বললেন
মির্জা ফখরুলের মনোনয়ন বিএনপির প্রজ্ঞার পরিচয়
সাইফুল হক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার বিএনপির সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয় বলে আখ্যা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এই মনোনয়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির স্থায়ী কমিটি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আশা করি, নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতি ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নকালে বিএনপি এ বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করে নিলে ভালো হতো। অধিকাংশ শরিক দলের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও এই পরামর্শ করে নেওয়াটা তাৎপর্যপূর্ণ হতো।
সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ, সদস্য সচিব মীর রেজাউল আলম প্রমুখ।
- বিষয় :
- সাইফুল হক