ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিদ্যুতের দাবিতে মোমবাতি মিছিল জামায়াতের, বিক্ষোভ সিপিবির

বিদ্যুতের দাবিতে মোমবাতি মিছিল জামায়াতের, বিক্ষোভ সিপিবির
×

বিদ্যুতের দাবিতে মোমবাতি মিছিল জামায়াতের

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:৫৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১১:০৭

| প্রিন্ট সংস্করণ

লোডশেডিং, গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে এ মিছিলে করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

মিছিলে উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে। ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি। যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ। আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। 

এরপর জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী মোমবাতি প্রজ্বালন করে মিছিল করেন। তারা স্লোগান দেন, ‘খাম্বায় খাম্বায় কারেন্ট দে, নইলে গদি ছাইড়া দে’। তারা লোডশেডিং এবং গ্যাসের সংকটের জন্য সরকারকে দায়ী করে স্লোগান দেন। 

মিছিলে অংশ নেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ আরও অনেকেই।

গ্যাস-বিদ্যুৎ সংকটে সিপিবির বিক্ষোভ
অবিলম্বে গ্যাস-বিদ্যুৎসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর মোড়ে শান্তিনগর শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা প্রমুখ। 

তাঁরা বলেন, চলমান জ্বালানি ও বিদ্যুৎসংকট দেশের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করেছে। মানুষকেও চরম মূল্য দিতে হচ্ছে। অথচ এ নিয়ে জনমনে ন্যূনতম আস্থা সৃষ্টি হওয়ার মতো সরকারের কোনো উদ্যোগ নেই। 

দেশি জ্বালানি প্রতিষ্ঠান শক্তিশালী ও এলএনজিনির্ভরতা কমানোর মাধ্যমে জনগণের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে নেতারা বলেন, মানুষের দৈনন্দিন জীবন ও শিল্প উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে। অথচ সংকটের স্থায়ী সমাধানের পরিবর্তে সরকার সাময়িক ও আমদানিনির্ভর ব্যবস্থার ওপর ভরসা করছে। দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধি, পেট্রোবাংলা, বাপেক্সসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা গড়ে তুলতে হবে। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শান্তিনগর মোড়, পীর সাহেবের গলি ও শান্তিনগর বাজার এলাকা প্রদক্ষিণ করে। 

আরও পড়ুন

×