সংবিধানে ইমান-আস্থা ও সংসদে নামাজ চালুর দাবি মুজিবুর রহমানের
মুজিবুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে জাকাতব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। তিনি সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে সংসদে নামাজের বিরতির সময় যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
তবে ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয় উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ আলোচনা হয়।
মুজিবুর রহমান বলেন, অতীতে সংবিধানে আল্লাহর প্রতি ইমান ও আস্থার বিষয়টি ছিল। পরে তা বাতিল করা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ মুসলিম উল্লেখ করে তিনি সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ক্ষমতা পাওয়ার পর মূল কাজ হওয়া উচিত সালাত কায়েম ও জাকাতব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করা। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ ও জাকাত চালুর জন্য স্পিকার ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, প্রশাসনিক উদ্যোগে নামাজ কায়েম ও জাকাতব্যবস্থা চালু হলে নাগরিকদের চরিত্র গঠনের পাশাপাশি জবাবদিহির পথও সুগম হবে।
জবাবে স্পিকার বলেন, ধর্ম পালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের ওপর নির্ভরশীল। ইসলাম মানবতার ধর্ম। সঠিকভাবে ধর্ম পালন করলে বেহেশত এবং অবহেলা করলে জাহান্নামের বিষয়টি ধর্মীয় বিধানের অংশ। তাই জাতীয় সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না।
তবে সংসদ সদস্যের বক্তব্যে প্রকাশিত অনুভূতির প্রতি শ্রদ্ধা জানান স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, সবাই আল্লাহর বিধান মেনে চলবেন।
- বিষয় :
- সংবিধান