ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সংসদ অধিবেশন

আইনশৃঙ্খলা নিয়ে ৩০০ বিধিতে সাফাই, পরে বিতর্ক

আইনশৃঙ্খলা নিয়ে  ৩০০ বিধিতে   সাফাই, পরে বিতর্ক
×
×

সালাহউদ্দিন আহমদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

ফ‌্যাসিবাদবিরোধী জাতীয় ঐক‌্যের আহ্বান জানালেও জুলাই অভ‌্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে পরস্পরকে দায়ী করেছে সরকারি ও বিরোধী দল। গতকাল বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে  বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তিকে রুখতে জাতীয় ঐক্য প্রয়োজন। বিবৃতিতে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিদেশি গোয়েন্দাদের বৈঠক, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনেন। তা অস্বীকার করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উল্টো সরকারি দল বিএনপিকে দায়ী করেন এসব কর্মকাণ্ডের জন‌্য। তবে তিনি ঐক‌্যের আহ্বানকে স্বাগত জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত‌্যা চালানো হিটলারের নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরতে পারেনি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ শক্তি বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখতে এবং তাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা নস্যাৎ করতে জাতীয় ঐক্য প্রয়োজন।

বিবৃতিতে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের অপরাধের তথ‌্য তুলে ধরেন। তিনি বলেন, এই ৯ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, তা আরও এগিয়ে নিয়ে যেতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা প্রয়োজন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনও সেটিকে বিক্ষোভ, কখনও হরতাল বা কখনও ভিন্ন নাম বলতে পারে। উদ্দেশ্য একটাই, অস্থিরতা সৃষ্টি করা। তা যাতে সম্মিলিতভাবে-ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সে জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যে ঐক্যটা গঠিত হয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, সেই ঐক্য  দরকার। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে, সমূলে উৎপাটন করতে এবং তাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে না দিতে যে কোনো ষড়যন্ত্র নস্যাতে প্রয়োজন জাতীয় ঐক্য।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরে থাকা দলগুলো ঐক‌্যবদ্ধ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক। এ দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 

বিরোধী দল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে ইঙ্গিত করে শফিকুর রহমানের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পরেই তিনি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঘোষণা করেছিলেন– রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন চালিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন না। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালিয়েছে, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফা তাদের ক্ষমা করে দিয়েছেন, তা যৌক্তিক গ্রহণযোগ্য নয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে।’ আমিও একমত। 

জামায়াতের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের যে উস্কানি রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।
বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না। আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কর্মকাণ্ডে জড়িত হয়নি। কিন্তু এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে, মনে হয়। তারা জানে, এই সরকারের আমলে তাদের গুম, ক্রসফায়ার করা হবে না। অজ্ঞাত লাশ হয়ে কোথাও ভেসে উঠতে হবে না। তারা জানে, রিমান্ডের নামে তাদের ওপর নিষ্ঠুর নির্যাতন হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকারের প্রতি এই শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে। কিন্তু সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে সরবে না। মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সকল চক্রান্ত নস্যাৎ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় সংস্থা প্রয়োজনে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে।
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উস্কে দিয়ে বিক্ষোভে পরিণত করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দেশীয় দোসররা। মজুরি বোর্ড গঠনের পরও একটি মহল অস্থিরতা সৃষ্টিতে শ্রমিক সংগঠন ও নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল টাকা বিনিয়োগ করে উস্কানি দিচ্ছে।

এনসিপির প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, এই সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতারা যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে তাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন– এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নাম ধরে বললে হয়তো অনেকে প্রীত হবেন না।
মাদক নির্মূলে অভিযান অব‌্যহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

বিরোধী দলের পাল্টা জবাব 
শফিকুর রহমান দাবি করেছেন, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কখনোই গোপন বৈঠক করেনি জামায়াতে ইসলামী। বরং বিএনপির এই ইতিহাস রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। এজেন্সির সঙ্গে বসার তো প্রশ্নই ওঠে না। আমাদের নামে যারা বলছেন ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন। পাবলিকলি এসে বলেছেন যে– ‘আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল; ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না।’ দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।”

সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান সামাজিক মাধ‌্যমে অভিযোগ করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের যে উস্কানি রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।’

পরে এর জবাব দেন জামায়াত আমির শফিকুর রহমান। রাশেদ খানের নাম না নিয়ে তাঁকে ফালতু বলে আখ‌্যা দিয়ে তিনি বলেন, সরকারের নিয়োজিত জামায়াত-বিষয়ক সচিব মর্যাদার একজন লোক...  ২৪ ঘণ্টা আমাদের পিছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন। এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে...।

জামায়াত আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন– স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতির জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের ১২ আগস্টের সেই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নামও নিইনি। বরং বর্তমান রাষ্ট্রপতি বলেছেন, ‘তোমাদের সব দরজা খুলে দেব, তোমাদের সব মামলা তুলে নেব।’ ​বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। তবে ফ‌্যাসিবাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর জানানো জাতীয় ঐক‌্যের আহ্বানকে স্বাগত জানান শফিকুর রহমান। 

জামায়াত আমির মাদকের জন‌্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, মাদক কারা নিয়ন্ত্রণ করবে? ​এই সংসদের একজন সদস্য বলেছেন, ‘মাদকের সিন্ডিকেট আগে ফ্যাসিস্টরা নিয়ন্ত্রণ করত, এখন আমাদের দলের কিছু নেতারা নিয়ন্ত্রণ করে।’ এই সংসদেরই আরেকজন জ্যেষ্ঠ‌ সদস্য বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই তো মাদকের সবচেয়ে বড় চালান যায়।’ ​আমরা বললে তো বলবেন যে, বিরোধী দল বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। গতকাল কুষ্টিয়ায় পুলিশ গিয়েছে মাদক কারবারিদের ধরতে। সেখানে সরকারি দলের লোকেরা তাদের ওপর হামলা করেছে। ​এ রকম অসংখ্য হামলা সারা বাংলাদেশে ঘটছে।

 

আরও পড়ুন

×