ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এনসিপির উপদেষ্টা হচ্ছেন আমলা, শিক্ষাবিদ, লেখকসহ নানা পেশায় অভিজ্ঞরা

এনসিপির উপদেষ্টা হচ্ছেন আমলা, শিক্ষাবিদ, লেখকসহ নানা পেশায় অভিজ্ঞরা
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৭:৪৯

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের গড়া দল এনসিপি উপদেষ্টা পরিষদ গঠন করছে। এর মাধ্যমে দলটিতে মাঝবয়সী এবং প্রবীণরাও যুক্ত হবেন। উপদেষ্টা পরিষদে যুক্ত করতে ইতিমধ্যে ২৫ জনের নাম বাছাই করেছে এনসিপি। তাদেরকে নিয়ে শিগগির উপদেষ্টা পরিষদ গঠিত হবে। 

তবে তালিকায় নাম থাকা সবাই এনসিপির উপদেষ্টা পরিষদে থাকবেন, এ নিশ্চয়তা নেই। আবার তালিকার বাইরে থেকেও কেউ কেউ যুক্ত হতে পারেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সমকালকে জানিয়েছে, সাবেক আমলা ও সেনা কর্মকর্তা, আইনজীবী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, লেখকসহ বিভিন্ন পেশায় দীর্ঘ সময় যুক্ত অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে থাকবেন। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের বয়স এখনও ৩০ হয়নি। দলটির প্রায় সব নেতার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। জেলা উপজেলা পর্যায়েও ৪০ বছরের বেশি নেতার সংখ্যা হাতেগোনা। সব বয়সী মানুষের দল হতে এনসিপি গত কয়েক মাস ধরেই চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদ কমিটি আহ্বায়কের বয়সও যেন ৩০ বছরের কম না হয়- এই নির্দেশনা জারি করেছে। অনূর্ধ্ব-৩০ নেতাদের ছাত্র এবং যুব সংগঠনে যুক্ত করতে চায়। 

এর ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত আমলা, জ্যেষ্ঠ আইনজীবীদের দলে যুক্ত করার চেষ্টা করছে এনসিপি। তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে। তবে নির্বাহী ক্ষমতা আগের মতই কেন্দ্রীয় কমিটির হাতেই থাকবে। উপদেষ্টা পরিষদের দায়িত্ব থাকবে দলীয় শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দেওয়া, নীতি-কৌশল প্রণয়নে সহায়তা করা। 

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় এনসিপি। সেই সময়ে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত মাসে কমিটি পুনর্গঠন করা হয়। দুই জনের পদত্যাগের পর কমিটির আকার দাঁড়িয়েছে ১৯৩ জনে। আগামী বছরের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আখতার হোসেন। 

এর আগেই উপদেষ্টা পরিষদ গঠনে গত কয়েকদিনে বিভিন্নখাতে পেশাজীবীদের সঙ্গে কথা বলেছেন এনসিপি নেতারা। 

এনসিপি সূত্র জানিয়েছে অস্ট্রেলিয়ায় বাস করা ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, লেখক ও সাংবাদিক মাসকাওয়াত আহসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, বিগ্রেডিয়ার (অব.) ফজলুর রহমান মিলিটারি, নরওয়ে ইউনিভারসিটির অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব). নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, ইসলামিক স্কলার অধ্যক্ষ মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী, সাবেক আমলা মেজবাহ উদ্দীনসহ আরও কয়েকজনের সঙ্গে আলোচনায় প্রাথমিক সম্মতি পাওয়া গেছে। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা হয়েছে। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু কয়েকজন থাকতে পারেন উপদেষ্টা পরিষদে। 

মাসকাওয়াত আহসান সমকালকে বলেছেন, কখনও রাজনীতি না করলেও শুরু থেকেই এনসিপির শুভাকাঙ্ক্ষী ছিলেন। উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার মাধ্যমে সম্পর্কটি আনুষ্ঠানিক হতে যাচ্ছে মাত্র। তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন সবসময় আনন্দপ্রদ বিষয়। 

আরও পড়ুন

×