প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২২:৩৯
সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজতে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় আগামী ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট ইন আ চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, ঋণ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, এ সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো সরকারি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও চর্চা বিনিময়, ঋণের স্থায়িত্ব নিশ্চিত করা এবং ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো।
এডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্থাটি আঞ্চলিক কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের সম্মেলন আয়োজনে সহায়তা করছে। এর মাধ্যমে সদস্য দেশগুলোর সরকারি ঋণ ব্যবস্থাপকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক মানদণ্ড, নতুন কৌশল ও সুষ্ঠু চর্চা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে দেশগুলোর ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সহনশীল করার সুযোগ তৈরি হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সম্মেলনে টেকসই ঋণ গ্রহণের কৌশল, ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের পরিবর্তিত ঋণ টেকসই বিশ্লেষণ কাঠামো এবং সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার, ঋণের তথ্য ও ব্যবস্থাপনার সমন্বয় এবং এ জন্য পৃথক ঋণ ব্যবস্থাপনা দপ্তর (ডেট ম্যানেজমেন্ট অফিস) প্রতিষ্ঠার সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।
সম্মেলন আয়োজনের পেছনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। সরকারের বাজেট ঘাটতি মেটাতে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হয়। একই সঙ্গে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ বাড়ছে। ফলে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে শুধু অর্থের জোগান নিশ্চিত করাই যথেষ্ট নয়, ঋণের মেয়াদ, সুদের হার, মুদ্রার বিনিময় হারজনিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতাও বিবেচনায় নেওয়া জরুরি হয়ে পড়েছে।
এরই মধ্যে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে ডলার, জাপানি ইয়েন ও চীনা ইউয়ানে সার্বভৌম বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহের সম্ভাবনা বিবেচনা করছে সরকার। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন, ঋণের শর্ত নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা প্রয়োজন। সম্মেলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সমন্বিত ঋণ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা গেলে সরকারের ঋণ গ্রহণ, পরিশোধ এবং সম্ভাব্য আর্থিক ঝুঁকি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। একই সঙ্গে ঋণের তথ্য সংরক্ষণ ও প্রকাশে স্বচ্ছতা বাড়বে।
২০২৫ সালের ৩ নভেম্বর অর্থ বিভাগে এ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়, বর্তমানে সরকারের ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। ফলে ঋণের তথ্য ও ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি রয়েছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি যৌথ কারিগরি সহায়তা মিশন বাংলাদেশে সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার সুপারিশ করেছিল।
বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগে এডিবি এশিয়ার বিভিন্ন দেশে আঞ্চলিক সরকারি ঋণ ব্যবস্থাপনা ফোরামের আয়োজন করেছে।
২০২৪ সালের ২৮ থেকে ৩০ মে চীনের ঝেজিয়াং প্রদেশের উঝেনে দেশটির অর্থ মন্ত্রণালয় ও এডিবির যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সরকারি ঋণ ব্যবস্থাপনা ফোরাম অনুষ্ঠিত হয়। পরের বছর ২০২৫ সালের ২০ থেকে ২২ মে কম্বোডিয়ার সিয়েম রিপে দেশটির অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয় এবং এডিবির যৌথ উদ্যোগে একই ধরনের সম্মেলন হয়।
চলতি বছরের ২৭ থেকে ২৯ মে শ্রীলঙ্কার কলম্বোয় এডিবি ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সরকারি ঋণ ব্যবস্থাপনা ফোরাম অনুষ্ঠিত হয়। এতে ঋণের স্থায়িত্ব, দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি, জলবায়ু সহনশীল অর্থায়ন ও স্থানীয় মুদ্রায় ঋণবাজার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড ২০২৫ সালের ১৭ থেকে ১৯ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় ১৪তম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করে। এতে ১০৭টি দেশের ৬০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
- বিষয় :
- অর্থ মন্ত্রণালয়