‘কাজ নেই তো বেতন নেই’ ধারায় কারখানা বন্ধ রাখতে চান মালিকরা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২১:০৪
শ্রমিক অসন্তোষের কারণে বুধবার দেশের ১৫০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। অন্যান্য দিনের মতো এসব কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর বেরিয়ে গেছেন। কোনো কোনো কারখানায় দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকরা আর কাজে ফেরেননি। এমন পরিস্থিতিতে কয়েকটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ধারায় কারখানা বন্ধ থাকলে ‘কাজ নেই তো বেতন নেই’ নীতি কার্যকর হয়। অর্থাৎ, যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিন শ্রমিকরা মজুরি পাবেন না।
যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না, সেগুলো ১৩(১) ধারায় বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন মালিকরা। বুধবারের সার্বিক পরিস্থিতি নিয়ে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে অনুমতি চান তাঁরা। বৈঠকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশিরভাগ কারখানার মালিক উপস্থিত ছিলেন।
মজুরি পুনর্নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম শুরুর পরও শ্রমিক অসন্তোষ না কমায় গত কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকরা এ দাবি জানিয়ে আসছেন। মজুরি বোর্ডের প্রথম বৈঠকেই আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সমকালকে বলেন, পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না তাঁরা। বুধবারও শ্রমিকরা কাজে যোগ দিয়ে বেরিয়ে যাওয়ায় ১৫০টি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন ব্যাহত হওয়ায় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব কারখানার মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
তিনি বলেন, বুধবারের বৈঠকেও মালিকরা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করার অনুমতি চেয়েছেন। তবে বিজিএমইএর পক্ষ থেকে তাঁদের আরও এক দিন ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এ ধারায় কারখানা বন্ধ করা হলে মালিকদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তবে কয়েকটি কারখানা ইতোমধ্যে শ্রম আইনের এ ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- কারখানা
- পোশাক কারখানা
- বন্ধ ঘোষণা