ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পোড়াতেল রান্নায় ব্যবহার বন্ধের পরামর্শ বিএফএসএ চেয়ারম্যানের 

ব্যবহৃত ভোজ্যতেল সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তর করা যেতে পারে

পোড়াতেল রান্নায় ব্যবহার বন্ধের পরামর্শ বিএফএসএ চেয়ারম্যানের 
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২০:৪৭

বারবার ব্যবহৃত পোড়াতেল মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াচ্ছে এই তেল। তাই রান্নায় পোড়াতেলের ব্যবহার বন্ধের পাশাপাশি ব্যবহৃত ভোজ্যতেল সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, হার্টের যত শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক পোড়াতেল। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরও পোড়াতেল ব্যবহার পরিহার করতে হবে।

বুধবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিএফএসএর প্রধান কার্যালয়ে ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

শফিকুল ইসলাম বলেন, শরীরের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ হলো মাথা ও হার্ট। সবাই মাথাকে যেমন সুরক্ষিত রাখার চেষ্টা করে, তেমনি হার্টের সুরক্ষাও জরুরি। অথচ পোড়াতেল সরাসরি হার্টের ক্ষতি করে। তাই পোড়াতেল ব্যবহার পরিহার করতে হবে।

পোড়াতেলের টেকসই ব্যবস্থাপনার বিষয়ে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ব্যবহৃত তেল বিভিন্নভাবে ফেলে দেওয়া হয়। এর সবচেয়ে টেকসই ব্যবস্থাপনা হতে পারে বায়োটেকের মতো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা। এতে একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশও ভালো থাকবে। এ ধরনের উদ্যোগে বিএফএসএর সহযোগিতা অব্যাহত থাকবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএর সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। এ ছাড়া রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। প্রবন্ধে পোড়াতেল উৎপাদনের প্রক্রিয়া, মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব, ভোজ্যতেলের গুরুত্ব, ট্রান্সফ্যাটি অ্যাসিডের ঝুঁকি এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের উপায় তুলে ধরা হয়।

বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা ব্যবহৃত ভোজ্যতেল পরিবেশে ফেলে না দিয়ে বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, এতে স্বাস্থ্যের ক্ষতি কমানোর পাশাপাশি গাড়ি ও বিভিন্ন যন্ত্র চালানোর জ্বালানি হিসেবেও তা ব্যবহার করা সম্ভব।

সেমিনারে বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ বলেন, বর্তমানে সারা দেশের অন্তত তিন হাজার খাদ্যপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়াতেল সংগ্রহ করছে তাঁদের প্রতিষ্ঠান। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন তেল সংগ্রহের লক্ষ্য রয়েছে। সাভারে নিজস্ব কারখানায় এসব ব্যবহৃত তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে। তিনি বলেন, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।

বিএফএসএর সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×