২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, ৯ ক্ষেত্রে দেওয়া হবে পদক
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২৩:২২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ২৩:২২
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে এ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়টি ক্ষেত্রে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে।
এ উপলক্ষে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন সফল করতে একটি মূল কমিটি ও ১৪টি উপকমিটি গঠন করা হয়। আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। ২৬ নভেম্বর উদ্বোধনের পর ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিন চলবে প্রদর্শনী। একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হবে।
জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুসরণ করে প্রাণিসম্পদ খাতে গৌরবময় ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়া হবে। নয়টি ক্ষেত্রে এ পদক দেওয়া হবে। ক্ষেত্রগুলো হলো—গবাদিপশুর খামার; পোলট্রি খামার; মাংস, দুধ ও ডিম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি; প্রাণিসম্পদ উৎপাদনের উপকরণ তৈরি ও প্রক্রিয়াজাতকরণ শিল্প; প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রযুক্তি উদ্ভাবন; প্রাণিসম্পদ উন্নয়নে ব্যক্তি, প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও সমাজভিত্তিক সংগঠনের অবদান; আত্মকর্মসংস্থান ও প্রাণিসম্পদ উন্নয়নে নারীর অবদান; পোলট্রি ও গবাদিপশু প্রযুক্তি হস্তান্তর; প্রাণীস্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবদান; এবং প্রান্তিক চাষি, নারী ও অনগ্রসর খামারিদের অবদান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান আজ বিকেলে বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সফলভাবে আয়োজনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরা কাজ শুরু করবেন।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তা সৃষ্টি এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
- বিষয় :
- প্রাণিসম্পদ সপ্তাহ
- প্রধানমন্ত্রী