বিকল্প ব্যবস্থা না করে মিরপুরে হকার উচ্ছেদ বন্ধের আহ্বান সাইফুল হকের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২২:২৪
জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঢাকার মিরপুর অঞ্চলে হকার উচ্ছেদের চলমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, হকারদের পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে তাদের বসার সুযোগ দিতে হবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, হকার উচ্ছেদের নামে হাজার হাজার পরিবারের জীবিকার ওপর সরাসরি আঘাত করা হয়েছে। এতে এসব পরিবার চরম অসহায় ও বিপর্যস্ত অবস্থায় পড়েছে। অনেক পরিবার অনাহার ও মানবেতর জীবনযাপনের ঝুঁকিতে রয়েছে। ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকদের এ গুরুতর বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সাময়িকভাবে তাদের জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে হকারদের বসার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সাইফুল হক আরও বলেন, হকারদের উচ্ছেদ করে সমস্যার সমাধান হবে না। বরং তাদের জীবিকা ও পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে একটি মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, হকারসহ শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ এই মহানগরের গুরুত্বপূর্ণ অংশ। তাই নগর পরিকল্পনায় এসব মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা হযরত আলী, বাংলাদেশ হকার্স ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন এবং সংগঠনের নেতা মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ হান্নান মজুমদার ও মো. ইসলাম।
- বিষয় :
- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
- সাইফুল হক