ভোটে নয়, রাজপথেই সরকার পতন ঘটাতে হবে: হাফিজ উদ্দিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০ | ০৬:০৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ | ০৬:১৪
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভোটে নয়, রাজপথের গণঅভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের আর সুযোগ নেই। যতদিন এই সরকার আছে ততদিন ভোটকেন্দ্রে সাধারণ নাগরিক যেতে পারবে না। সুতরাং একমাত্র উপায় গণঅভ্যুত্থান।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে 'ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং খালেদা জিয়ার গৃহবন্দি দশা থেকে নিঃশর্ত মুক্তিতে করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ বলেন।
মেজর হাফিজ বলেন, 'জনগণ যদি রাস্তায় নেমে আসে এবং দুই লাখ লোক দুই দিন রাস্তায় থাকেন তাহলে ক্ষমতাসীন সরকার পালিয়ে যাবে। সেই সাহস সঞ্চয় করে আগামী দিনে এই সরকারকে বিতাড়িত করতে রাজপথে নামতে হবে।'
চলমান নির্বাচনী ব্যবস্থায় তার দলের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, 'কেনো আমরা এই ধরনের নির্বাচনে যাই? যখন নির্বাচনে যাওয়া উচিত না তখন যাই, যখন যাওয়া উচিত তখন যাই না। যে সংসদে যাওয়া উচিত না সেই সংসদে গিয়ে আমরা বসে থাকি। যার জন্য আজকে বিএনপিকে চারশ ভোট দেয়। সিরাজগঞ্জ-১ আসনে ওদের প্রার্থী পেয়েছে এক লাখ ৮৮ হাজার ভোট আর বিএনপির প্রার্থী পেয়েছে ৪০০ ভোট। বিএনপির এজেন্টই তো হাজারেরও বেশি।'
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, 'সবচাইতে বড় অশনি সংকেত দেখতে পাচ্ছি- বিএনপি এখন রাস্তায় লোকজন নামাতে পারে না। কিন্তু ইসলামী মৌলবাদীদের মিছিল দেখেন, তাদের সংখ্যা দেখেন রাজপথে। এখন এই রাষ্ট্র যদি উদার রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে গিয়ে আবার মোল্লাদের খপ্পরে পড়ে এজন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। আমরা এই ধরনের পরিস্থিতি চাই না। আমরা চাই, সরকার পরিবর্তন হোক ভোটের মাধ্যমে।'
আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের পরিচালনায় সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির তথ্য ও গবেষণা সহ সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
- বিষয় :
- মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
- বিএনপি