জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে: বিদিশা এরশাদ
ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১ | ০৯:১৬
জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে বলে মন্তব্য করেছেন এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। তিনি বলেন, এখন যে জাতীয় পার্টি, সেটি এরশাদের জাতীয় পার্টি নয়। জাতীয় পার্টিকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাব।
দলকে সুসংগঠিত করতে সারাদেশে দলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগসহ তাদের ঘরে ঘরে যাব।
শুক্রবার জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে পল্লি নিবাসের বাসভবনে দলের চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিদিশা এরশাদ বলেন, 'যে কোনো দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই দলের নেতাকর্মীরা দলের প্রধানদের কবর জিয়ারত করতে যান। এরিকের ইচ্ছা অনুযায়ী আমরা এরশাদের কবর জিয়ারত করলাম। আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করব। এতে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর সুযোগ থাকবে না।'
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদের পল্লি নিবাসের বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় উপস্থিত ছিলেন- হুসেই মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট রুবায়েত হাসান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েম প্রমুখ।
- বিষয় :
- রংপুর
- বিদিশা এরশাদ
- জাতীয় পার্টি
