ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না: রিজভী

সরকারের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না: রিজভী
×

রুহুল কবির রিজভী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ১০:০১

এ সরকার গণতন্ত্রকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কারণেই চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হচ্ছে না। তারাই খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, খালেদা জিয়ার জামিন না হওয়া সরকারের সুদূরপ্রসারী চক্রান্তের অংশ। তার জামিনে বারবার বাধা দেওয়ায় বাংলাদেশ এখন আশঙ্কা ও আস্থাহীনতায় ভরা এক অচেনা ভূখণ্ড হয়ে উঠছে। কারণ জনসমর্থিত নেত্রী কারাগারে, আর দুর্নীতি, সন্ত্রাস, দখল, লুটপাট যাদের যাপনসঙ্গী তারাই আজ রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে কোনো চক্রান্ত সফল হবে না। খালেদা জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রীর জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন।

মঙ্গলবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মামলার ঘটনায় নিন্দা ও মামলা প্রত্যাহারের আহ্বান জানান রিজভী। 

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানান রিজভী। অবশ্য গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর আদালত থেকে জামিন পান মেজর হাফিজ, খায়রুল কবীর খোকন ও হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ- দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

আরও পড়ুন

×