ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সরকারকে পাই পাই করে হিসেব দিতে হবে: আ স ম রব

সরকারকে পাই পাই করে হিসেব দিতে হবে: আ স ম রব
×

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব- ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৮:৩২ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৮:৫৯

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, একটা দলের সবাই চুরি- ডাকাতি করার পর ওই দলের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নাই। অভিযানের নামে ওয়ার্ডের চুনোপুটিদের ধরা হচ্ছে। সরকারকে পাই পাই করে হিসেব দিতে হবে।

শুক্রবার সন্ধ্যায় জেএসডির নারায়ণগঞ্জ মহানগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে  আ স ম রব এসব কথা বলেন। নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ সম্মেলন হয়। রব বলেন, আদৌ এটা স্বাধীন দেশ কিনা তার সন্দেহ হয়। ২৫ টাকার পেঁয়াজ ২৫০ টাকা, মেয়েরা ঘর থেকে বের হতে পারে না, বিদ্যুতের দাম বেড়েছে ২৩ বা ২৪ ভাগ। ১০ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৮ বার। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে চাঁদা না দিলে কোনো মানুষের পক্ষে বাস করা সম্ভব নয়। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে টর্চারসেল আছে। এটা একটা মগের মুলস্নুক হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে।

তিনি বলেন, ২০১৪ সালে ভোট চুরি করেছে আর, ২০১৮ সালে ভোটা ডাকাতি করেছে। তখন মানুষকে ভোট দিতে দেননি আর এবার ভোট দেয়ার আগেই ব্যালট নিয়ে গেছেন। নিরাপত্তা বাহিনীর সবাই এই ডাকাতির সঙ্গে জড়িত। যে শিক্ষক টাকার বিনিময়ে ব্যালট পেপার কাটে তার পক্ষে শিক্ষা দেওয়া সম্ভব না। তার বিবেক হারিয়ে গেছে।

জেএসডির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোত্তালিব মাস্টারের সভাপতিত্বে ও ছাত্রলীগের (জেএসডি) কেন্দ্রীয় সমন্বয়কারী তৌফিকুজ্জামান তৌফিকের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজ মিয়া, কেন্দ্রীয় সহ সভাপতি মিসেস তানিয়া রব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক রাজা, প্রচার সম্পাদক এস.এম রানা চৌধুরী, ঢাকা উত্তর মহানগর শাখার আবুল মোবারক, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এড. খলিলুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।

আরও পড়ুন

×