ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

'বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান'

'বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান'
×

সম্মেলনে বক্তব্য রাখছেন নেতারা- সমকাল

যশোর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৯:১১

যশোরে ওয়ার্কার্স পার্টির মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির দু'দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে বহুধাবিভক্ত কমিউনিস্ট পার্টিগুলোর ঐক্যের মাধ্যমে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়।

শুক্রবার বিকেলে স্থানীয় টাউন হল ময়দানে এ সম্মেলনের উদ্বোধন করেন বৃটিশ ভারতের সর্বভারতীয় কৃষাণ সভার স্বেচ্ছাসেবক নারায়ন চন্দ্র বসু।

উদ্বোধনী সমাবেশে সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরতে গিয়ে মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির সমন্বয়ক ইকবাল কবির জাহিদ বলেন, ১৯৯২ সালে যে লক্ষ্য নিয়ে ওয়ার্কার্স পার্টি এক হয়েছিল, দুঃখজনক হলেও সত্য যে, সেই রাজনৈতিক লক্ষ্য থেকে দলটি বিচ্যুত। সংসদ সদস্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য নেতারা আওয়ামী লীগে নিজেদের সঁপে দিয়েছেন। তিনি বলেন, শ্রমিক কৃষক মেহনতি মানুষ বিকল্প নেতৃত্ব চান। বর্তমান বাস্তবতা বলছে, বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলা ছাড়া জনগণের মুক্তি নেই। এই মুহূর্তে এটিই জরুরি রাজনৈতিক কর্তব্য।

সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ঢাকা থেকে শুনে আসছি, যশোরের সম্মেলন হবে বিভক্তির। কিন্তু এখানে এসে দেখি সম্পূর্ণ উল্টো। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে গণতন্ত্র বিকশিত হতে পারেনি। বরং অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় রাজনীতির উত্থান পরিস্থিতিকে আরও অন্ধকারে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনা- খালেদা কারও কাছেই নিরাপদ নয়। তিনি ভোট ও ভাতের লড়াই একসঙ্গে করার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একসময় আওয়ামী লীগ মানুষের ভোট আর ভাতের অধিকার আদায়ে রাজপথে ছিল। কিন্তু ২০১৪ আর গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী দুঃশাসন হয়ে জাতির বুকের উপরে চেপে বসেছে। তারা উন্নয়নের কথা বলে ফেনা তুললেও আজ ৩০ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে তিনশ' টাকায়। গত ১০ বছরে এই সরকার দেশে ৫৬ হাজার নতুন কোটিপতি তৈরি করেছে বলে মন্ত্মব্য করেন তিনি।

মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির নুরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা দেন দলের সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, মনোজ সাহা, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশারফ হোসেন নান্নু, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারল্ফম্ননার রশিদ, গণতান্ত্রিক বিপস্নবী পার্টির কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিলস্নুর রহমান ভিটু প্রমুখ।

সম্মেলন শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন সুরধুনী সংগীত নিকেতনের শিল্পীরা।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ডেলিগেটসহ পার্টি সদস্যরা কাস্তে-হাতুড়িখচিত লাল পতাকার মিছিল নিয়ে যোগ দেন। সম্মেলন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদ আসাদ, তোজো, শান্তি, মানিক ও ফজলু এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ গোলাম মাজেদ স্মরণে পৃথক দু'টি তোরণ নির্মাণ করা হয়।

শনিবার সম্মেলনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এদিন নতুন দলের ঘোষণা আসারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×