ভিপি নুরের ওপর হামলার নিন্দা ড. কামালের
ড.কামাল হোসেন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪০
ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে ড. কামাল বলেন, ভারতের নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ভারতজুড়ে চলমান আন্দোলন ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর সে দেশের পুলিশের হামলার প্রতিবাদে ডাকসু ভিপি নুরের আহূত সংহতি ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় নুরসহ কয়েকজন ছাত্র আহত হন। এ ধরনের হামলা অবিবেচকের কাজ।
অপর এক বিবৃতিতে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এই দেশে আজ কেউ নিরাপদ নন। বাকস্বাধীনতা বলতে দেশে কিছু নেই। কেউ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বললেই তার কণ্ঠরোধের চেষ্টা করা হয়। এরই অংশ হিসেবে ভিপি নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান রেজা কিবরিয়া।
- বিষয় :
- ড.কামাল হোসেন
- ডাকসু ভিপি নুরুল হক নুর
