ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সমাবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার বিএনপির বিক্ষোভ

সমাবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার বিএনপির বিক্ষোভ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৭

পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। 

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে সোমবার বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় বিক্ষোভ সমাবেশ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি ছিল।

কিন্তু সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। এর প্রতিবাদে বিএনপি মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজ আমাদের সমাবেশ ছিল। কিন্তু সকাল থেকেই নয়াপল্টন অফিসের সামনে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। তাই ঢাকার কর্মসূচি আজ হচ্ছে না। এর প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। 


আরও পড়ুন

×