অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাঝে ভাইরাল সামান্থার পুরনো সাক্ষাৎকার
সামান্থা রুথ প্রভু। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৮:২৩ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৮:২৬
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে যেন এখন আনন্দের জোয়ার। একদিকে তার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’ সফলতার মুখ দেখছে, অন্যদিকে ব্যক্তিগত জীবনেও এসেছে সুখবর। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থার মুখপাত্র তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান জন্ম নিতে পারে।
সম্প্রতি ‘মা ইনতি বানগারাম’ এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে স্বামী রাজ নিদিমোরুর পাশে দেখা যায় সামান্থাকে। হালকা নীল রঙের টি-শার্ট ও জিন্স পরা অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট হওয়ায় ভক্তদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি মা হতে চলেছেন।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি মাতৃত্বের ইচ্ছার কথা খোলামেলাভাবে জানিয়েছিলেন।
সামান্থা বলেছিলেন, “আমি মনে করি না, মা হওয়ার জন্য কখনও দেরি হয়ে যায়। মা হওয়ার স্বপ্ন এখনও দেখি। আমি সবসময়ই মা হতে চেয়েছি। এটি জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। বয়স নিয়ে অনেকেই চিন্তা করেন, কিন্তু আমার বিশ্বাস, জীবনের কোনো সময়ই মাতৃত্বের জন্য দেরি নয়।”
গত বছরের ডিসেম্বরে সামান্থা ও রাজ নিদিমোরু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি দুইজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধা হন সামান্থা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে রাজ নিদিমোরুও এর আগে শ্যামলী দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পরে ২০২২ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সূত্র: আউটলুক ইন্ডিয়া
- বিষয় :
- সামান্থা রুথ প্রভু
- বলিউড
