বিএনপি এমপিদের পদত্যাগ চাইলেন ২০ দলের নেতারা
গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগ করে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোট।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৩
গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগ করে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোট। জোটের নেতারা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে জোট গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করছে। অন্যদিকে বিএনপির এমপিরা সংসদে রয়েছেন। এমন দ্বিমুখী আচরণ মানুষ ভালোভাবে নেবে না।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের এক আলোচনা সভায় এসব কথা বলেন জোট নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের নেতারা জোরদার আন্দোলনের কথা বলেছেন। তারাও মনে করেন, সংকট উত্তরণে জোরদার আন্দোলনের বিকল্প নেই। সবাই মিলে সেই আন্দোলনের রণকৌশল ঠিক করতে হবে। শুধু কর্মসূচি দিতে চাই না, সেটা বাস্তবায়নও করতে চাই। ২০ দলীয় জোট নেতাদের উদ্দেশে তিনি বলেন, লড়াইয়ের ময়দানে কে, কতটুকু সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন- সেটাই বড় কথা। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোট হয়নি, তার আগের রাতে জনগণের ভোট ডাকাতি করা হয়েছে। তিনি বলেন, তাই লড়াইয়ের বিকল্প নেই। সেই লড়াইয়ের ময়দান প্রস্তুত হচ্ছে। সরকারের অপমানজনক বিদায় হবে, সবাই তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। মহাসংগ্রামের মাধ্যমে তাদের বিদায় করতে হবে।
জমিয়তে উলামায়ের নেতা মাওলানা মহিউদ্দিন ইকরাম বলেন, রাজপথে না নামলে কিছুই হবে না। এ জন্য ত্যাগ স্বীকার করতে হবে, রাজপথে নামতে হবে। এলডিপির একাংশের নেতা শাহাদাত হোসেন সেলিম বিএনপির এমপিদের পদত্যাগ দাবি করলে জোটের অন্য নেতারাও তার সঙ্গে একমত পোষণ করে বক্তব্য দেন।
- বিষয় :
- বিএনপি
- ২০ দলীয় জোট
