ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক শফিক

আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক শফিক
×

সাখাওয়াত হোসেন শফিক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৮:৫৮

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের শূন্যপদে সাখাওয়াত হোসেন শফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্বও বণ্টন করেছেন। এর মধ্যে দলের চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুবউল-আলম হানিফ সিলেট ও চট্টগ্রাম, ডা. দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ, ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করবেন। আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন চট্টগ্রাম, বিএম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রংপুর, এসএম কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ এবং সাখাওয়াত হোসেন শফিক সিলেট বিভাগের দায়িত্বে থাকবেন।

আগামী ১৮ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। ওই দিন শ্রদ্ধা নিবেদনের পর থেকেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা বিভাগীয় দায়িত্ব পালন ও সফর শুরু করবেন বলে জানা গেছে।

গত ২০ ও ২১ ডিসেম্বর ২১তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা টানা নবমবারের মতো এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। পরে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪০ জনের নাম ঘোষণা করেন শেখ হাসিনা। ২৬ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও ৩২ নেতার নাম ঘোষণা করা হলেও কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ সাতটি পদ শূন্য ছিল। বুধবার কোষাধ্যক্ষ পদে এইচএন আশিকুর রহমান এবং বৃহস্পতিবার সাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সম্পাদকমণ্ডলীর সভা রোববার: আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামী রোববার সকাল সাড়ে ১০টায় দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×