করোনায় কাতারে তিন বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ৫০০
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কাতারে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে আরও প্রায় পাঁচশ' প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ সংবাদ মাধ্যমকে এক বার্তায় এ তথ্য দিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, কাতারে আক্রান্ত বাংলাদেশিরা সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কাতারে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও কাতারের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
কাতারে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কর্মরত আছেন বলে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
করোনাভাইরাসে বুধবার পর্যন্ত কাতারে আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার ৭১১ জন। মারা গেছেন ৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪০৬ জন।
