করোনায় ইতালিতে আরও এক প্রবাসীর মৃত্যু
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ১০:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হলো ৮ জন প্রবাসীর।
ইতালির উত্তরাঞ্চল মিলান শহরে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় শাহজাহান মির্জা (২৮) নামের ওই প্রবাসীর। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ গ্রামে।
ইতালীতে বসবাসরত নিহতের চাচা সৈয়দ মুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় দু’সপ্তাহ আগে নিহত শাহজাহান করোনায় আক্রান্ত হয়ে মিলানের করোমোনার হাসপাতালে ভর্তি হন।
মিলান শহরে এর আগে আরও ৪ জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বেরগামো শহরে মারা যায় আরও ২ জন প্রবাসী। এ নিয়ে বৃহত্তর লোম্বার্দিয়া অঞ্চলেই ৭ জন প্রবাসী মারা গেছেন। এছাড়া রোমে মারা গেছেন আরও এক প্রবাসী।
