নিউইয়র্কে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০০:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার আরও ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রের এ স্টেটটিতে ১৬২ জন বাংলাদেশি প্রাণ হারালেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হলো ১৭৯ জন বাংলাদেশির।
হাসপাতাল ও কমিউনিটি সূত্র জানায়, প্রয়াত বাচিক শিল্পী কাজী আরিফের ছোট বোন গৃহবধু মোনা নাসরিন (৪৯) দু’সপ্তাহ ব্রুকলীনের মায়মোনাডাইস হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করে সোমবার মারা যান। এদিন আরো মারা যান লাগর্ডিয়া এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্সের কর্মী সমীর দেবনাথ (৪৮)। জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের কাছে পরিচিত সিংহমার্কা বিল্ডিংয়ের বাসিন্দা ছিলেন সমীর। বিশাল এই আবাসিক ভবনের বাসিন্দা অনেক বাংলাদেশি করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
এদিকে কুইন্স হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজারের সন্তান জ্যামাইকাবাসী শওকত হাসান সোয়েব (৫৫)। সোয়েব ফাস্টফুড দোকানের কর্মী ছিলেন। কুইন্সের উডহ্যাভেনের একটি হাসপাতালে আটদিন করোনার সঙ্গে লড়াই করে সোমবার দুপুরে মারা যান সাইফুল ইসলাম খান বাবুল (৫৯) । পেশায় উবার চালক বাবুল পাবনার সন্তান।
এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ফজলু করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে এক সপ্তাহের বেশী সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন।
