বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকার খাবার বিতরণ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা মহামারির কারণে বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা। নিউইয়র্কে ২২ মার্চ লকডাউন শুরুর দিন থেকে জ্যামাইকা ও আশপাশের এলাকার অসহায় বাংলাদেশি পরিবারগুলোকে এক মাসের নিত্য প্রয়োজনীয় সব ধরনের খাবার দিয়ে সহায়তা করছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাহায্য পেয়েছেন একজন বাংলাদেশি টিভি তারকা জানান, কুইন্স ভিলেজের বাসা থেকে কোথাও বের হতে তারা ভয় পান। অর্থনৈতিক সামর্থ্য থাকলেও বাইরে গিয়ে কিনে আনার সাহস নেই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা পোলাওয়ের চাল, গুড়া দুধ, চা পাতা এবং ঘিসহ প্রায় এক মাসের খাবার দিয়ে তাদের সহযোগিতা করছেন।
আফরোজা তাসনিম জানান, তারা নতুন আমেরিকায় এসেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে খুব বাজে অবস্থায় পড়েছেন। আত্মীয়-স্বজন থাকলেও কেউ এই সময় বাসায় এসে সহযোগিতা করতে পারছেন না। অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা সহযোগিতা না করলে তাদেরকে বিপদেই পড়তে হতো।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকার সভাপতি উজ্জ্বল জানান, তাদের অফিসের নিচে একটি সুপার মার্কেট আছে। লকডাউন শুরু হওয়ার তারা দেখেছেন খাবার কিনতে আসা মানুষের কষ্ট। তিনি সামাজিক কার্যক্রমে জড়িত থাকায় মানুষজন তাকেও জানায় তাদের দুর্দশার কথা। বিশেষ করে বৃদ্ধ মানুষ, সিঙ্গেল মাদার, নতুন অভিবাসী, কাগজ-পত্রহীন মানুষ, সদ্য বেকাররা যখন ফোন করে বলেন তাদের ঘরে খাবার নাই, তখন নিজের ভালো মন্দের কথা না ভেবেই খাবার কিনে নিজের গাড়িতে করেই মানুষের বাড়িতে পৌঁছে দিতে শুরু করেন।
বাহালুল উজ্জ্বল আরও জানান, এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আহনাফ আলম এবং খাবার বাড়ির অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুল।