ক্যালগেরি স্ট্যাম্পিডের প্যারেডে প্রথমবার উড়ল বাংলাদেশের পতাকা
ক্যালগেরি স্ট্যাম্পিডের প্যারেডে বাংলাদেশের পতাকা। ছবি- সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৪:১৪ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৪:৪৮
কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ রোডিও উৎসব ক্যালগেরি স্ট্যাম্পিডের প্যারেডে এবার প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে লাল-সবুজের জাতীয় পতাকা উড়েছে ঐতিহ্যবাহী এ আন্তর্জাতিক আয়োজনে।
এ বছরের ক্যালগেরি স্ট্যাম্পিড ৩ জুলাই শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। ১৯১২ সালে যাত্রা শুরু করা এ উৎসবটি ক্যালগেরির ইতিহাস, ঐতিহ্য ও কাউবয় সংস্কৃতির অন্যতম প্রতীক। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ও দর্শনার্থী এই আয়োজনে অংশ নেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিএসি)-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা স্ট্যাম্পিড প্যারেডে অংশ নিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। চারুকলার মাধ্যমে উপস্থাপন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি। এ সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা লক্ষাধিক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য। বিদেশি সংস্কৃতির সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজেদের সংস্কৃতি ও পরিচয় ধারণ করতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন।
প্রবাসী বাংলাদেশিদের এ অংশগ্রহণ ইতোমধ্যে ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের মতে, কানাডায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি ও ভাবমূর্তি আরও শক্তিশালী করতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
