লন্ডনে আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৫:৪৯
বাংলা ভাষা আন্দোলন, বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রেরণাদায়ী লেখক, সাংবাদিক, কলামিস্ট এবং অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জুন সেন্ট্রাল লন্ডনের একটি হলে শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকে, শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে এবং এআর টিভি নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবদুল গাফ্ফার চৌধুরীর অবদান শুধু অমর একুশের গানের রচয়িতা হিসেবেই সীমাবদ্ধ নয়; তাঁর লেখনী ছিল বাঙালির জাতীয় চেতনা, ভাষার অধিকার, স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের এক শক্তিশালী হাতিয়ার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপিকা উর্মী মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লোকমান হোসেন, এম এ আজিজ, জয়দ্বীপ রায় ও আজম চৌধুরী।
স্মরণসভায় বক্তব্য দেন কবি শামীম আজাদ, ব্যারিস্টার তানিয়া আমির, সাংবাদিক মোরসালিন মিজান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাউস সুলতান, শিল্প ও সাংস্কৃতিক সংগঠক ড. ইমতিয়াজ আহমেদ, রাজনৈতিক সংগঠক হরমুজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জোবায়দা নাসরিন, শিল্পী হিমাংশু গোস্বামী, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক বুলবুল হাসান, সাংবাদিক নিলুফা ইয়াসমীন, ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া, কাউন্সিলর সৈয়দা ফেরদৌসী পাশা, নৃত্যশিল্পী রুবাইয়াত শারমিন ঝরা প্রমুখ।
বক্তারা বলেন, ইতিহাসে স্থান পেয়ে অনেকেই গর্বিত হন, কিন্তু কিছু মানুষ আছেন যাদের অবদান ধারণ করে ইতিহাসই গর্ববোধ করে। আবদুল গাফ্ফার চৌধুরী ছিলেন তেমনই এক বিরল ব্যক্তিত্ব। তাঁর সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরীর প্রিয় গান পরিবেশন করেন ড. ইমতিয়াজ আহমেদ ও হিমাংশু গোস্বামী। যন্ত্রসঙ্গীতে ছিলেন তন্ময় (কীবোর্ড), রিয়াদ (গিটার) ও পিয়াস বড়ুয়া (তবলা)। আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ এবং অভিনয় পরিবেশন করেন রুবাইয়াত শারমিন ঝরা। অনুষ্ঠানের লাইভ সাউন্ড প্রকৌলশীতে ছিলেন আরাফাত কীর্তি।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আবু হাসান মুসা, শাহাব আহমেদ বাচ্চু, সৈয়দ এনাম ইসলাম, সুফিয়া আক্তার বেলী, ডা. আবুল কামাল, আফরোজা খানম বান্টি, রেদওয়ান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক সাহাব উদ্দিন চঞ্চল, জামাল খান, নজরুল ইসলাম অকিব, আতিক রহমান, সিরাজুল ইসলাম, সৈয়দ এনামুল আহমদ, ফজলুল হক, মুহিববুর রহমান সুফিয়ানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
- বিষয় :
- স্মরণসভা
