ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

লিসবনে ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে যশোরের জিহাদ

লিসবনে ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে যশোরের জিহাদ
×

জিহাদ

পর্তুগাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৯:৩৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১৯:৩৮

পর্তুগালের রাজধানী লিসবনে আকস্মিক মৃত্যু হয়েছে যশোর জেলার প্রবাসী বাংলাদেশি তরুণ জিহাদের (২৫)। আজ শুক্রবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃম মনিজ এলাকায় নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ সমকালকে জানান, আজ শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান পরিচিতরা। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

রনি আরও জানান, মাত্র ২৫ বছর বয়সেই প্রবাসের মাটিতে থেমে গেল জিহাদের জীবনসংগ্রাম। পরিবার ও স্বজনদের জন্য এ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। জিহাদের আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে, মাতৃম মনিজ এলাকার বাংলাদেশি ব্যবসায়ী, বন্ধু, পরিচিতজন ও স্বজনদের মধ্যে এ ঘটনায় গভীর শোক ও হতাশা দেখা দিয়েছে।

আরও পড়ুন

×