রেহানা সুলতানার শিল্পীজীবনকে ধারণ করেছে ‘সেই এক মনোজ্ঞ বাদনসন্ধ্যা’
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:৩৪
হাওয়াইয়ান গিটারবাদক রেহানা সুলতানার শিল্পীজীবন, অবদান এবং ব্যক্তিগত জীবনঘনিষ্ঠ নানা দিক তুলে ধরা হয়েছে ‘সেই এক মনোজ্ঞ বাদনসন্ধ্যা’ গ্রন্থে। বক্তাদের ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি জীবনীগ্রন্থ নয়, বরং স্ত্রীর প্রতি প্রয়াত অধ্যাপক মতলুব আলীর ভালোবাসা, শ্রদ্ধা ও সাংস্কৃতিক মননের এক অনন্য প্রকাশ।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের থার্টি থ্রি রেস্টুরেন্টে মানব শিল্প সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর আয়োজনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্মী ও চিত্রশিল্পী খুশি কবির, চিত্রশিল্পী বীরেন সোম, আবৃত্তিকার আশরাফুল আলম, সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা, সাবেক রাষ্ট্রদূত মো. শফিউল্লাহ এবং শব্দকথন প্রকাশনীর প্রকাশক রিমা চিশতি। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার ও সঙ্গীত রচয়িতা মতলুব আলীর সৃষ্টিশীল কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণা ছিলেন তাঁর সহধর্মিণী রেহানা সুলতানা। হাওয়াইয়ান গিটারবাদক হিসেবে তাঁর নিজস্ব পরিচিতি ও অবদান থাকলেও স্বামীর বিস্তৃত কর্মপরিধির আড়ালে তিনি অনেকটাই অনালোচিত থেকে গেছেন। সেই অবদানই মতলুব আলী তাঁর পাণ্ডুলিপিতে সংরক্ষণ করে গেছেন।
তারা আরও বলেন, গত বছরের ৪ নভেম্বর মতলুব আলীর মৃত্যুর পর প্রকাশিত এ গ্রন্থে রেহানা সুলতানার শিল্পীজীবনের পাশাপাশি মতলুব আলীর সৃজনশীল ও সাংস্কৃতিক ভাবনারও প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানের শুরুতে রেহানা সুলতানা ও অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় মতলুব আলীর কন্যা আলী পুষ্পিতা মউরি সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীতশিল্পী চিত্রা সুলতানা।
খুশি কবির বলেন, “মতলুব আলী আমার সহপাঠী ছিলেন। তিনি যেভাবে তাঁর স্ত্রীকে এই গ্রন্থে তুলে ধরেছেন, তা সত্যিই অনন্য। বইটি রেহানা সুলতানার জন্য এক অসাধারণ উপহার।”
- বিষয় :
- বই
