ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঘরেই রাঁধুন বিদেশি পদ

ঘরেই রাঁধুন বিদেশি পদ
×

সুশেফ জাহেদ আহমেদ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৮

| প্রিন্ট সংস্করণ

প্রতিদিন একই ধরনের খাবার খেলে একঘেয়েমি তৈরি হয়। বৈচিত্র্য আনতে একদিন ঘরে তৈরি করতে পারেন বিদেশি কোনো পদ। শেফার্ড’স পাই, ব্রিটিশ ফিশ ও চিপস, ব্রেড অ্যান্ড বাটার পুডিংয়ের মতো মজাদার কিছু খাবারের রেসিপি দিয়েছেন কট অ্যান্ড কাবল আইরিশ  ট্র্যাডিশনাল রেস্টুরেন্টের সুশেফ জাহেদ আহমেদ

আইরিশ পাব-স্টাইল চিকেন কারি

উপকরণ: ৫০০ গ্রাম মুরগির মাংস, দুই টেবিল চামচ তেল, একটি বড় পেঁয়াজ কুচি, দুই কোয়া রসুন কুচি, এক টেবিল চামচ কারি পাউডার, এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ ময়দা, ৩০০ মিলিলিটার মুরগির স্টক, ১৫০ মিলিলিটার রান্নার ক্রিম, এক টেবিল চামচ টমেটোর পেস্ট, এক চা চামচ আমের চাটনি, এক চামচ পিনাট বাটার, লবণ ও গোলমরিচ।
 

প্রস্তুত প্রণালি: একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ৫ মিনিট ভাজুন। রসুন দিয়ে আরও ১ মিনিট ভাজুন। এরপর কারি পাউডার, লালমরিচ ও হলুদ দিয়ে অল্প আঁচে ৩০ সেকেন্ড নাড়ুন। মুরগির মাংস দিয়ে ৫-৬ মিনিট ভাজুন। ময়দা ছড়িয়ে ভালোভাবে মেশান। টমেটোর পেস্ট ও মুরগির স্টক ধীরে ধীরে ঢেলে নাড়তে থাকুন। ঢেকে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। শেষে ক্রিম, আমের চাটনি ও পিনাট বাটার মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। লবণ ও গোলমরিচ দিয়ে স্বাদ ঠিক করুন। ওপরে ধনিয়া পাতা দিয়ে গরম ভাত, আলু ভাজা বা মচমচে আইরিশ রুটির সঙ্গে পরিবেশন করুন। 

ব্রেড অ্যান্ড বাটার পুডিং

উপকরণ: আট স্লাইস এক দিনের পুরোনো সাদা পাউরুটি, ৫০ গ্রাম নরম মাখন, ৭৫ গ্রাম শুকনো মিশ্র ফল (কিশমিশ), এক-দুটি লেবুর খোসা কুচি, ২৫০ মিলিলিটার দুধ, ৩০০ মিলিলিটার ঘন দুধের ডাবল ক্রিম, তিনটি ডিম, একটি ডিমের কুসুম, ৪০ গ্রাম কাস্টার চিনি, ২৫ গ্রাম ব্রাউন চিনি, এক চা চামচ ভ্যানিলা নির্যাস।

প্রস্তুত প্রণালি: দুধ, ডাবল ক্রিম ও ভ্যানিলা প্রায় ফুটে ওঠা পর্যন্ত গরম করুন। অন্য পাত্রে ডিম, ডিমের কুসুম ও কাস্টার চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। ধীরে ধীরে গরম দুধের মিশ্রণ ডিমের সঙ্গে মেশান। পাউরুটিতে মাখন লাগিয়ে ত্রিভুজ আকারে কাটুন। একটি মাখন লাগানো অর্ধেক পাউরুটি পাত্রে সাজিয়ে তার ওপর শুকনো ফল ও লেবুর খোসা ছড়িয়ে দিন। বাকি পাউরুটি ও শুকনো ফল দিয়ে আবার সাজান। ওপর থেকে ডিম ও দুধের মিশ্রণ ঢেলে অন্তত ৩০ মিনিট ভিজতে দিন। ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করুন। পুডিংয়ের ওপর ব্রাউন চিনি ছড়িয়ে প্রায় ৩৫-৪০ মিনিট বেক করুন। ওপরের অংশ সোনালি এবং ভেতরের দুধ-ডিমের মিশ্রণ জমে গেলে বের করুন। ওপরে কিছু কিশমিশ দিয়ে গরম অবস্থায় পরিবেশন করুন। 

ব্রিটিশ ফিশ ও চিপস

উপকরণ: দুটি মোটা সাদা মাছের ফিলেট (কড ফিশ), দুটি বড় আলু, ৭৫ গ্রাম ময়দা, ২৫ গ্রাম কর্ন ময়দা, ১২৫ মিলিলিটার ঠান্ডা পানি, পরিমাণ মতো তেল ও লবণ, এক টেবিল চামচ ভিনেগার।

প্রস্তুত প্রণালি: আলু লম্বা করে চিপসের আকারে কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। লবণযুক্ত পানিতে ১০-১২ মিনিট হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। ব্যাটার তৈরি করুন। পাত্রে ময়দা, ভুট্টার ময়দা, এক চিমটি লবণ মেশান। এরপর ঠান্ডা পানি ঢেলে মিশিয়ে নিন। ব্যাটারের ঘনত্ব যেন ঘন ক্রিমের কিছুটা আঠালোর মতো হয়। ব্যাটারটি ভাজার আগ পর্যন্ত ঠান্ডা অবস্থায় রাখুন। রান্নার তেল ১৮০ ডিগ্রি পর্যন্ত গরম করুন। আলু সোনালি ও মচমচে করে ভাজুন। মাছ প্রথমে সামান্য ময়দায় মুড়ে ব্যাটারে ডুবিয়ে নিন। এরপর গরম তেলে দিন। প্রায় ৪ মিনিট ভাজুন। মাছ সোনালি ও মচমচে হলে তেল থেকে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। ভাজা মাছ ও চিপসের ওপর লবণ ছড়িয়ে দিন। সঙ্গে ভিনেগার ও মেয়োনিজ সস দিয়ে পরিবেশন করুন। 

শেফার্ড’স পাই 

উপকরণ: ৫০০ গ্রাম ভেড়ার মাংসের কিমা, ১টি করে পেঁয়াজ ও গাজর কুচি, ৫০ গ্রাম মটরশুঁটি, দুই টেবিল চামচ টমেটোর পিউরি, ৫০০ মিলি মাংসের ঝোল, আলু, মাখন, তিন টেবিল চামচ দুধ, ওরচেস্টারশায়ার সস সামান্য, লবণ ও গোলমরিচ।

প্রস্তুত প্রণালি: পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। ভেড়ার মাংসের কিমা দিয়ে বাদামি করে রান্না করুন। টমেটোর পিউরি ও সস মেশান। গাজর ও মটরশুঁটি দিয়ে মাংসে অল্প পানি ঢেলে প্রায় ৪০ মিনিট রান্না করুন। আলু লবণযুক্ত পানিতে সেদ্ধ করুন। পানি ঝরিয়ে মাখন ও দুধ দিয়ে চটকে নিন। লবণ ও গোলমরিচ দিন। মাংসের মিশ্রণ পাত্রে ঢেলে ওপর থেকে আলুর মিশ্রণ ছড়িয়ে দিন। কাঁটাচামচ দিয়ে আলুর ওপর হালকা দাগ দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ২০-২৫ মিনিট বেক করুন। ওপরের অংশ হালকা বাদামি হলে বের করে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন।

আরও পড়ুন

×