সুহৃদের সহায়তায় তৈরি বাঁশিওয়ালার দোকানে মাদকাসক্তের হানা
ঈশ্বরদীর প্রবীণ বাঁশিওয়ালা রহমত আলীর পোড়া দোকানের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সুহৃদ ও স্থানীয়রা
সেলিম সরদার
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৬:১৬
| প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদীর প্রবীণ বাঁশিওয়ালা রহমত আলী পথে পথে বাঁশিতে সুর তুলে জীবিকা নির্বাহ করতেন। ৮০ বছরের এই হতদরিদ্র বাঁশিওয়ালার কষ্ট লাঘব করতে তিন বছর আগে ঈশ্বরদীর সুহৃদরা একটি দোকান ঘর তৈরি করে তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এখন রহমত আলীর জীবন চলে সেই দোকানের আয়ে। তাঁকে আর পথে পথে ঘুরে বাঁশি বাজিয়ে সংসারের ঘানি টানতে হয় না। তাঁর বাঁশিতে উঠে নতুন সুর। সুহৃদদের এ উদ্যোগে রহমত আলীর জীবনের চাকা ঘুরে যায়। এলাকাবাসীও খুশি ছিলেন এ উদ্যোগে।
সেই রহমত আলীর দোকানের সামনে গত শনিবার মাদক নিয়ে ঝগড়ায় জড়ায় স্থানীয় মাদকসেবী মো. রতন। মাদক নিয়ে ঝগড়া করতে নিষেধ করায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তাঁর দোকানটি। পাবনায় ঈশ্বরদীর দাশুড়িয়া রেলস্টেশনের পাশে রহমত আলীর দোকানে স্থানীয় মাদকাসক্ত বখাটে মো. রতন প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয়। আগুনে মালপত্রসহ দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রতন দাশুড়িয়ার হঠাৎপাড়া গ্রামের আঙ্গুর রহমানের ছেলে। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা সবাই মিলে দ্রুত আগুন নিভিয়ে দিলে দোকানের বাকি অংশ রক্ষা পেলেও মালপত্র পুড়ে যায় বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রহমত আলীর দোকানের সামনে রতন মাদক নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিল। এ সময় দোকানের সামনে এভাবে ঝগড়া ও মাদক নিয়ে কথাবার্তা বলতে রহমত আলী তাঁকে নিষেধ করেন। রহমত আলীর কথায় ক্ষুব্ধ হয়ে তাঁকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে তখন চলে গেলেও পরদিন দুপুরে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রতন। খবর পেয়ে আশপাশের গ্রামবাসী ঘটনাস্থলে যান। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী রতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনাস্থলে এসে দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন বলেন, অপরাধী যেই হোক না কেন তাঁর বিচার করতে হবে। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুহৃদরা উদ্যোগ নিয়ে ২০২৩ সালে তাঁকে দাশুড়িয়া রেলস্টেশনের কাছে একটি দোকান ঘর তৈরি করে জিনিসপত্র কিনে দেন।
সুহৃদরা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
