যে সুর বেসুরে বেজে ওঠে হৃদয়ে নীরবে
অলংকরণ:: শেখ শাহাদ
জিনিয়া
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:১৪
| প্রিন্ট সংস্করণ
বাইরে শ্রাবণের ধারা ঝরছে। গ্রীষ্মের তীব্রতা শীতল হয়ে গেছে। টুকরো শান্তি এসে বসেছে নীলার ছোট্ট ঘরের জানালায়। জানালার কাচে বৃষ্টির ফোঁটাগুলো যেন রাত্রির দীর্ঘশ্বাস– ধীরে ধীরে গড়িয়ে পড়ছে একে একে, সুরে সুরে। সারাদিন ধরে ঘরের জানালায় আঙুল রেখে বসে আছে নীলা। প্রকৃতির এমন রূপ স্মৃতি হয়ে ধরা দিচ্ছে তার কাছে। যেন স্বচ্ছ কাচ বেয়ে বৃষ্টির পড়া প্রতিটি ফোঁটা একটি স্মৃতি, একটি না বলা কথা। এমন আবহে জানালার পাশে রাখা মাটির ছোট টবের গোলাপ গাছের পাতায় জমে থাকা জল ফোটানো ক্ষীণ আলোয় ঝলকাতে থাকে। বৃষ্টির শব্দে পুরোনো দিনের একটি সুর বেজে ওঠে তার ভেতর–তুমি রবে নীরবে হৃদয়ে...।
ঘরটা ছোট, নিঃসঙ্গ অথচ বড় অদ্ভুতভাবে প্রশান্ত। টেবিলের কোণে রাখা ডায়েরি, যেখানে আছে তার জীবনের সব আত্মকথা, প্রতিটা পাতায় একটা করে অপেক্ষা। অপেক্ষা; না কেবল আরিয়ানকে ফিরে পাওয়ার জন্য, না শুধু পুরোনো দিনের সঙ্গীকে ফিরে পেতে চাওয়ার জন্য, বরং তার নিজের আত্ম-অন্বেষণের জন্য। সেই দিনের মতো, আজও তার মনে হয় আজ যেন সেই অপেক্ষার শেষ দিন।
নীলা জানে, একদিন শেষ হবে এসব–আর শেষ হবে বলেই আজকাল মনে হয়, কিছুই যেন শেষ হয়নি কখনও।
আরিয়ান। সে নামটা উচ্চারণ করলেই যেন বুকের ভেতরে কোথাও কেঁপে ওঠে এক বাতাস। যেমন অনেক বছর আগে প্রথম দেখা হয়েছিল তাদের এক মনোরম বিকেলে। যখন প্রতিটি পদক্ষেপে ছিল এক অজানা আশাবাদ। আকাশে ঘনিয়ে উঠেছিল প্রেমের ছায়া। তখন আরিয়ান আর নীলা চলত বিশ্ববিদ্যালয়ের লাল ইটের পথে। আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যতের ছায়া আঁকত তারা। আরিয়ান যখন কথা বলত তার কণ্ঠে থাকত সমুদ্রের মতো গভীরতা, চোখে বিস্ময়ের মতো স্বপ্ন। নীলা সেই স্বপ্নে আশ্রয় নিয়েছিল। না কোনো শর্তে, না কোনো দাবি নিয়ে। শুধু বিনাশর্তে ভালোবেসেছিল।
আরিয়ানের সঙ্গে নীলার সম্পর্কটা ছিল এক অদ্ভুত তরঙ্গের মতো। কখনও শান্ত, কখনও প্রবল। তারা একে অন্যকে নাম ধরে ডাকত না। আরিয়ান বলত ‘আকাশ’ আর নীলা বলত ‘নীল ফুল’। একে অন্যের চোখে হারিয়ে যেতে থাকত তারা। দুজনের হৃদয় যেন একে অন্যের গোপন কনভেনশন। তাদের প্রেম ছিল কবিতার মতো ছন্দময় আর স্পষ্ট। অথচ বাস্তবতার চেয়েও সত্য। ছিল প্রেমের মধ্যে গভীর শ্রদ্ধা, যেখানে কোনো অহংকার ছিল না। ছিল শুধুই একে অন্যকে হৃদয়ে মিশিয়ে নেওয়া। একদিন তারা ঠিকই জানত, শেষ হতে পারে এ স্বপ্নের দিনগুলো–যতই মন না চায়, তবুও একদিন শেষ হতে হয়, শেষ হয়।
সুহৃদ, ইডেন মহিলা কলেজ
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
