ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: জামায়াত আমির 

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: জামায়াত আমির 
×

জামায়াত আমির শফিকুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২২:৩৭

ইসলামী ব্যাংক দখল নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির বলেছেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ কাউকে দেওয়া হবে না।

বুধবার রাতে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। ইসলামী ব্যাংকের ক্ষতি হলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেছেন, দেশ এভাবে চলতে পারে না। একদল পালিয়ে গেছে পাশের দেশে। বাকি দল যাবে কোথায়— এমন প্রশ্ন তোলেন।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে জামায়াত শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। গৃহপালিত বিরোধী দল হবে না। 

জামায়াত আমির বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাতের কারণে অনেক মানুষ এবার ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি। বিশেষ করে ইরান, লেবানন ও গাজাসহ বিভিন্ন অঞ্চলের জনগণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ঈদ কাটিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে এবং এর ফলে দেশের মানুষ ভোগান্তিতে পড়ছে।

শফিকুর রহমান বলেন, দেশে সংকট কৃত্রিম হলে দ্রুত সমাধান করতে হবে। আর যদি প্রাকৃতিক বা বৈশ্বিক কারণে হয়ে থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংসদ সঠিকভাবে কার্যকর হলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

বিদ্যুত, জ্বালানি দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেছেন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। গ্যাসের দাম ৭০০ টাকা বাড়িয়ে পরে ৫০ টাকা কমানো জাতির সঙ্গে তামাশা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে জনগণের স্বার্থে জামায়াত শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর নেতারা।

আরও পড়ুন

×