আরচারির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:৫৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১৫:৩১
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত সাফল্যগুলো বেশি এসেছে আরচারি থেকে। রোমান সানা, দিয়া সিদ্দিকীর মতো খেলোয়াড়রা তীর-ধনুক হাতে নিয়ে বিদেশের মাটিতে উড়িয়েছিলেন লাল-সবুজের পতাকা। ভবিষ্যৎ অন্ধকার বলে রোমান-দিয়া পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তারপরও আন্তর্জাতিক আঙিনায় আরচাররা নিজেদের আলোকিত করেছেন। কিন্তু সেই আরচারির ঘরে এখন অশান্তি। কর্মকর্তাদের রেষারেষিতে ডুবতে বসেছে এই খেলা। ইতোমধ্যে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দিয়েছেন সভাপতি ড. মো. মোখলেস উর রহমান।
সাবেক অন্তর্বর্তী সরকারের সময় আরচারির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তানভীর। সেই সময় কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলকে সরিয়ে দেওয়ায় ক্রীড়াঙ্গনে নেতিবাচক সংবাদ প্রচারিত হয়। আরচারি খেলার সঙ্গে সম্পৃক্ত না থাকা তানভীরকে সাধারণ সম্পাদক করা নিয়েও প্রশ্ন উঠেছিল। তার পরও দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করে যাচ্ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ফেডারেশনের তহবিল থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করার বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে মত দেন কর্মকর্তারা। তানভীর অভিযোগ করেন তাঁকে না জানিয়ে এই টাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার এই ইস্যুতে আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক বসে। সেই সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ আলোর ওপর অনাস্থা এসেছে।
সভায় উপস্থিত ১৪ জনের মধ্যে ১০ জনই তানভীর আহমেদের সঙ্গে কাজ করতে চান না। সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা আনার কারণ সম্পর্কে ফেডারেশনের সদস্য ও মিডিয়া কমিটির আহ্বায়ক মো. রুবেল হোসেন বলেন, ‘বেশ কিছু বিষয় নিয়ে বোর্ড মেম্বাররা সাধারণ সম্পাদকের ওপর অনাস্থা প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি মিডিয়ায় বক্তব্য দিয়েছেন ফেডারেশন অ্যাকাউন্টস থেকে অর্থ আত্মসাৎ হয়েছে। যেটা তিনি দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলতে পারেন না এবং সেটা কমিটির সবার জন্য মানহানিকর। প্রতিটি অর্থ আরচারির পেছনে ব্যয় হয়েছে। সাধারণ সম্পাদকের কাছে প্রতিটির নোটশিট রয়েছে। কমিটির প্রায় সবাই তাঁর এই আচরণে অত্যন্ত ব্যথিত হয়ে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন।’
অনাস্থা প্রস্তাবের বিষয়ে তানভীর আহমেদের বক্তব্য, ‘আমাকে মিটিংয়ে বলা হয়েছিল মিডিয়ায় যা বলছি, সেটা ভুল এবং ক্ষমা চাওয়ার জন্য। আমি সেটা বলব না বিধায় তারা আমার প্রতি অনাস্থা প্রস্তাব এনেছে। সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনিক বিষয়ে আমি দায়বদ্ধ, তাই আমি জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছে। আমি যা করেছি, সেটা আইনের মধ্যে থেকেই।’
- বিষয় :
- আরচারি
- আরচারি ফেডারেশন
