রানার্সআপেই খুশি থাকতে হল মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১২:৩১
ম্যাচের শুরুতেই গোলের আনন্দে মাতোয়ারা বাংলাদেশ শিবির। স্বপ্নের ট্রফিটা চোখে ভাসছিল অর্পিতা পাল-আইরিন রিয়াদের। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে চায়নিজ তাইপের তিন গোলেই ভেঙে যায় স্বপ্ন। নারী এশিয়ান গেমস হকির বাছাই পর্বের শিরোপা লড়াইয়ে পেরে ওঠেননি বাংলাদেশের মেয়েরা। গতকাল বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে তাইপের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের দলটি। তাতে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা কনা আক্তার-রাইসা রিশিদের।
এশিয়ান কাপ হকির বাছাই পর্বে শুরু আর শেষে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চায়নিজ তাইপে। গ্রুপ পর্বে তাইপের সঙ্গে সমানতালে লড়াই করা মেয়েরা ৫-৫ গোলে ড্র করেছিল। সেদিন তাদের খেলায় যে গতি ছিল, গতকাল তা দেখা যায়নি। অবশ্য ফাইনালে বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি জাহিদ হোসেন রাজুর দল। যদিও বাংলাদেশের গোলের সূচনাটা এসেছে পিসি থেকেই। ম্যাচের ৮ মিনিটে রাত্রির হিটে অধিনায়ক অর্পিতা পাল গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। প্রথম কোয়ার্টারে লিড ধরে রাখেন মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারে গিয়ে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ১৭ মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে দলকে সমতায় ফেরান তাইপের ওয়াং ইউ-চিউ। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাইপে। ৩২ মিনিটে ম্যাও সুন দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এর আট মিনিট পর হুয়াং টি ইউ টিং তৃতীয় গোল করে বাংলাদেশের ওপর আরও চাপ বাড়ান। শেষ দিকে অর্পিতা-রিয়ারা কিছু আক্রমণ গড়ে তুললেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাদের একাধিক প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণভাগে ব্যর্থ হয়েছে। আর পেনাল্টি কর্নারগুলো কাজে লাগাতে না পারাটাও বাংলাদেশের হারের অন্যতম কারণ ছিল।
শিরোপা জিততে না পারলেও বাংলাদেশের অর্জনের কোনো কমতি নেই। প্রথমবার বাছাইয়ে অংশ নিয়েই রানার্সআপ হওয়া তাদের বড় সাফল্য। এর মাধ্যমে চলতি বছর জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রায় প্রতিটি ম্যাচেই মেয়েরা দেখিয়েছেন তাদের ব্যক্তিগত স্কিল। বিশেষ করে আইরিন রিয়া আলাদাভাবে নজর কেড়েছেন। পাঁচ গোল করে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার জিতেছেন। সেমিফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। কনা আক্তারও তিন গোল করে নিজের জাত চিনিয়েছেন।
- বিষয় :
- হকি
