বসুন্ধরা কিংসে মেসির সতীর্থ
ছবি: মুন্ডোআলবেসেলেস্তে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:০৪
আর্জেন্টিনার খুঁটিনাটি যাদের কাছে থাকে তাদের জন্যও হার্নান বার্কোসের নাম মনে রাখা কঠিন। যদিও আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন তিনি। প্রথমে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসির সঙ্গে। খেলেছেনও মেসির সতীর্থ হিসেবেও। এবার সেই বার্কোস খেলবেন বাংলাদেশে। তাকে দলে নিয়ে চমক দিয়েছে বসুন্ধরা কিংস।
বার্কোস ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২০১২ সালের ২৩ আগস্ট আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন। কিন্তু প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগই পাননি। একই বছরের ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় বার্কোসের।
লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল উরুগুয়ে ও চিলির বিপক্ষেও খেলেছেন তিনি। ২০১২ সালের পর আর আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি বার্কোসের। তবে অল্প ক'দিনের ওই আন্তর্জাতিক ক্যারিয়ারেই লিওনেল মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি ও আর্জেন্টিনার জার্সি পরার অভিজ্ঞতা আছে তার। সেই বার্কোসই এবার বসুন্ধরার চমক।
এএফসি ক্লাব কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের জন্য মৌখিকভাবে বার্কোসের সঙ্গে চুক্তি করেছে কিংস। আনুষ্ঠানিকতা সারতে আগামীকাল ঢাকায় আসার কথা আর্জেন্টিনার হয়ে চার ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ডের।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া বসুন্ধরা রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেসকে এনে চমক দিয়েছিল। আক্রমণভাগের শক্তি আরও বাড়ানোর জন্য এবার বার্কোসকে আনছে পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। আপাতত বার্কোসের সঙ্গে চুক্তি ১০ মাসের। মাসিক ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ১৬ লাখ ৯৬ হাজার) পারিশ্রমিক পাবেন ব্রাজিলের ক্লাবে খেলা এই আর্জেন্টাইন।
বার্কোসকে পেয়ে উচ্ছ্বসিত কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, 'বয়স বেশি হলেও কোনো সমস্যা হবে না। রোনালদো যদি এই বয়সে দুর্দান্ত খেলতে পারেন, তাহলে বার্কোসও নিশ্চয় পারবেন। আমরা বুঝেশুনেই তাকে এনেছি।'
- বিষয় :
- খেলা
- ফুটবল
- বসুন্ধরা কিংস
- হার্নান বার্কোস
