ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নেইমারকে পেয়ে ‘খুশি’ আনচেলত্তি, সমর্থকদের বললেন শান্ত থাকতে

নেইমারকে পেয়ে ‘খুশি’ আনচেলত্তি, সমর্থকদের বললেন শান্ত থাকতে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৩:১১

মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয়ে ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। একইসঙ্গে চোট কাটিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন দলটির তারকা ফুটবলার নেইমার। সবমিলিয়ে দারুণ ছন্দে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। সেই ম্যাচে দাপুটে ফুটবল খেলে ৩-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। একইসঙ্গে তিনি ভক্তদের উচ্ছ্বাসে না মেতে পা মাটিতে রাখার আহ্বান জানান।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা নিখুঁত নই। এখনও আমাদের অনেক কিছু কিছু উন্নতি করার আছে। বলের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকলে আমরা আরও দ্রুত খেলতে পারি।’

শিষ্যদের প্রশংসা করে ইতালিয়ান এই কোচ বলেন, ‘দলের পারফরম্যান্সে আমি খুশি। কারণ দল অনেক জায়গায় উন্নতি করেছে এবং এখন আমরা আরও দৃঢ়। নকআউট ম্যাচে এই দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল রয়েছে। প্রথম ম্যাচের তুলনায় এখন আমরা কম ভুল করছি। খেলায় বেশ গতি এসেছে এবং আক্রমণভাগেও আমরা আরও কার্যকর হয়েছি।’

এ সময় ব্রাজিলের ভক্ত ও সমর্থকদের উদ্দেশে আনচেলত্তি বলেন, ‘শান্ত থাকুন। ধন্যবাদ। শান্ত থাকুন, শান্ত থাকুন। একদম শান্ত থাকুন।’

প্রত্যেক বিশ্বকাপেই শিরোপার স্বপ্ন দেখেন ব্রাজিল ভক্তরা। এবারের আসরেও তার ব্যক্তিক্রম নয়। তবে আনচেলত্তি এগোতে চান ধাপে ধাপে। তিনি বলেন, ‘কতদূর যাব সেই লক্ষ্য এখনো ঠিক করিনি। কেবল ভালো খেলা নয়, জিততে চাই। একজন কোচকে যাচাই করা হয় জয় দিয়ে। ভালো বা মন্দ খেলা দিয়ে নয়।’

এদিকে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন নেইমার। ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা এই ব্রাজিল তারকা খেলতে পেরেছেন মিনিট বিশেক। তবে নেইমার যতক্ষণ মাঠে ছিলেন তার মধ্যে ইতিবাচক কিছু খুঁজে পেয়েছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘নেইমারের খেলাটা প্রাপ্য ছিল। সে কাজ করেছে, অনুশীলনে প্রচুর পরিশ্রম করেছে। তার কোয়ালিটি আছে যা দিয়ে দলকে সাহায্য করতে পারে। সে খুব অল্প সময় খেলেছে, তবে ভালো খেলেছে।’

আরও পড়ুন

×