ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু

ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৪:২৪

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে এক কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পুটিজানা ও কালাদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে ও ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী তুলী রানী সেন (১৬) এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হালকা বৃষ্টির সময় বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তুলী রানী। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন আব্দুল খালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ জন্য তালগাছ রোপণসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসতে হবে। 

আরও পড়ুন

×