ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিজের বায়োপিকে আগ্রহী পপি, তবে...

নিজের বায়োপিকে আগ্রহী পপি, তবে...
×

সাদিকা পারভীন পপি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৪:০৬

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তারকা অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনয়ে ফেরা, না ফেরা নিয়ে প্রায়ই কথা ওঠে। এ বিষয়ে গতকাল পপি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয়ে ফিরতে চান না। তবে নিজের জীবনভিত্তিক কোনো মানসম্মত বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয়ের বিষয়ে আগ্রহী তিনি।

পপি বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চাই। সুখী দাম্পত্য জীবনই এখন আমার প্রধান অগ্রাধিকার। তবে নিজের জীবন নিয়ে যদি নিখুঁত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মাণ করা হয়, তাহলে তাতে অভিনয় করতে আপত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম ও চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হলে তবেই আমি কাজটি বিবেচনা করব। দেশে-বিদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছেন। তাই আমার জীবন নিয়ে নির্মিত বায়োপিকটি হতে হবে ব্যতিক্রমী।’

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। এতে অনবদ্য অভিনয় এবং তাঁর গ্ল্যামারাস উপস্থিতি তাঁকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। যে কারণে এর পরের পথচলাটা যেন পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়। 

এরপর পপিকে একে একে দেখা যায় ‘দরদি সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘অন্যায় আবদার’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘জোর’, ‘মনের মিলন’, ‘মানুষ মানুষের জন্য’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মা যখন বিচারক’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘মা যখন বিচারক’, ‘অনেক দিনের আশা’, ‘ভালোবাসার ঘর’, ‘জীবন মানেই যুদ্ধ’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘বিদ্রোহী সন্তান’, ‘নারীরাও প্রতিবাদী’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘শ্রেষ্ঠ সন্তান’, ‘জগৎ সংসার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’-সহ অনেক দর্শকপ্রিয় ছবিতে।

২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পপি। পরবর্তী সময়ে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ ও সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয় তিনি।

পপি সর্বশেষ সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেন। সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন আমিন খান ও ইমন।

আরও পড়ুন

×