তারিককে ছাড়াই ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১০:০২ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ১০:০২
লেবানন ম্যাচে তার ভুলেই গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন তারিক কাজী। বাংলাদেশ যখন ১-০ গোলে পিছিয়ে থাকে তখন তারিকের গোলেই সমতায় ফেরে লাল সবুজের জার্সিধারীরা। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ গোলে ম্যাচ জিতে পাপমোচনের আনন্দে মাতে তারিক। তবে আগামীকাল ভুটানের বিপক্ষে তারিককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। ভুটানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে।
যদিও পায়ের চোট নিয়েও গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে চান তারিক, কিন্তু চিকিৎসকরা তাকে না খেলানোর পক্ষে। ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে সমকালকে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
তারিক খেলতে পারবেন না বলে গতকাল নতুন কৌশলে বাংলাদেশকে অনুশীলন করিয়েছেন কোচ ক্যাবরেরা। তারিকের পরিবর্তে একাদশ সুযোগ পেতে পারেন মেহেদি। আর তার পজিশনে বিশ্বনাথ কিংবা তপু বর্মনকে দেখা যেতে পারে ভুটান ম্যাচে। ম্যানেজার আমের খান জানালেন, তারিককে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। বাংলাদেশ যদি সেমিফাইনালে ওঠে, তখন তারিক খেলতে পারবেন।'
