ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

উইজডেনে জায়গা পেয়েছে চট্টগ্রামের এই ছবি

উইজডেনে জায়গা পেয়েছে চট্টগ্রামের এই ছবি
×

উইজডেনে জায়গা পাওয়া চট্টগ্রামের আলোকচিত্রী রায়হানের তোলা ছবি। গার্ডিয়ান থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০১:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

উইজডেনে নাম তুলতে পারা ক্রিকেটারদের জন্য বড় ব্যাপার। অনেক ক্রিকেটারের ক্যারিয়ার জুড়েই স্বপ্ন থাকে উইজডেনে জায়গা পাওয়ার মতো পারফরম্যান্স করার। কিন্তু ক্যারিয়ারে অনেক উজ্জ্বল সময় পার করেও ওই ম্যাগাজিনে নাম তোলা হয়ে ওঠে না অনেক তারকার। তামিম ইকবাল যেমন ২০১১ সংস্করণে বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন এই অভিজাত ম্যাগাজিনে।

উইজডেনে ২০২০ সালের সংস্করণে অবশ্য আবার উঠেছে বাংলাদেশের নাম। তবে কোন ক্রিকেটারের নাম ওঠেনি। উঠেছে এক আলোকচিত্রীর নাম। জায়গা পেয়েছে বাংলাদেশের তিন কিশোরের ক্রিকেট খেলার এক ছবি। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণ ছবিটা প্রকাশিত হয়েছে বুধবার। তাতে চট্টগ্রামের ওই ছবি জায়গা পেয়েছে সেরা ১১ ছবির মধ্যে।

এমসিসির সঙ্গে যৌথ উদ্যোগে উইজডেন সারা বিশ্বের আলোকচিত্রীদের কাছে ছবি আহ্বান করে। আহ্বানে সাড়া দিয়ে সর্বশেষ সংস্করণের জন্য জমা পড়ে সাড়ে ছয়শ’ ছবি। সেখান থেকে চূড়ান্ত করা হয়েছে ১১টি ছবি। এই ১১ ছবির একটি তুলেছেন বাংলাদেশের রাজীব রায়হান। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ উইজডেনের সংক্ষিপ্ত তালিকার ওই ১১টি ছবিই প্রকাশ করেছে। তবে ছবি গ্যালারির ‘কাভার’ করেছে বাংলাদেশি আলোকচিত্রীর তোলা ছবিটি।

রাজীবের ছবিটা চট্টগ্রামের ফিশারি ঘাটের। মাঠজুড়ে ছড়িয়ে আছে নানা রংয়ের জাল। খুব যত্ন করে রঙ দিয়ে সাজানো মাঠের মতো। তার মাঝে পিচ বের করে নিয়েছে তিন কিশোর। তারা বুঝিয়েছে, বল করার, ব্যাট করার মতো জায়গা হলে আর উইকেটের পেছনে একজন থাকলেই ক্রিকেট খেলা যায়। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের তীব্র ভালোবাসা কিংবা আবেগ ফুটে উঠেছে ওই ছবিতে।

আলোকচিত্রী রাজীব ইংরেজি দৈনিক ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত। ছবির জন্য পুরস্কার হিসেবে উইজডেন তাকে দিচ্ছে ২৫০ পাউন্ড। তবে আর্থিক পুরস্কারের চেয়ে স্বীকৃতিটাই বড়।

আরও পড়ুন

×