ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে সাবিনাদের কোচ টিটু

এশিয়ান গেমসে সাবিনাদের কোচ টিটু
×

ফুটবল কোচ সাইফুল বারী টিটু। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১২:২৫ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ১৫:৩২

নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের ফুটবল সিরিজে বাংলাদেশ নারী দলের কোচ ছিলেন মাহমুবুর রহমান লিটু। তবে এশিয়ান গেমসে নারী ফুটবল দলের ডাগ আউটে থাকছেন না তিনি। 

তার জায়গায় চীনে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়ান গেমসে সাবিনা-মারিয়াদের কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সামনে মেয়েদের দুটি প্রতিযোগিতা রয়েছে। একটি এশিয়ান গেমস, অন্যটি এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ। অনেকদিন ধরে আমাদের কোচ ছিল না। ছোটনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি। তার আর বাফুফেতে ফেরার সুযোগ নেই। আজ সিদ্ধান্ত হয়েছে এশিয়ান গেমসে মেয়েদের প্রধান কোচের দ্বায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু।’

এছাড়া অনূর্ধ্ব-১৭ দলে মাহবুবুর রহমান লিটুকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বিষয়ে বাফুফের কিরণ বলেছেন, ‘একই সময়ে দুটি টুর্নামেন্ট হওয়ায় অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে যাবেন মাহবুবুর রহমান লিটু।’

এশিয়ান গেমসে ম্যানেজার থাকা বাধ্যতামূলক। আবার চারজনের বেশি স্টাফও নেওয়া যাবে না। সেজন্য কোচের সঙ্গে একজন ম্যানেজার, অ্যাসিসটেন্ট কোচ ও একজন ফিজিও থাকবেন। মেয়েদের সাফ চ্যাম্পিয়ন জেতানো কোচ ছোটন চাকরি ছেড়েছেন। গত ৭–৮ মাস মেয়েদের ফুটবলে সেজন্য কিছুটা খারাপ সময় গেছে বলে দাবি করেছেন কিরণ।

আরও পড়ুন

×