ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

অনলাইনে যেমন চলছে বিসিবি

অনলাইনে যেমন চলছে বিসিবি
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:৪৫ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:৫৫

'তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে...।' নভেল করোনাভাইরাস গ্রাস করে নিয়েছে পুরো দুনিয়া। এই ভাইরাসের অদৃশ্য বিস্তারে অসহায় হয়ে পড়েছে মানুষ। সহস্র প্রাণের স্পন্দন গেছে থেমে। উদ্বেগ, উৎকণ্ঠায় কাটে প্রতিটি মুহূর্ত। এরপরও থেমে নেই জীবনের গতি। সুন্দর দিনের প্রত্যাশায় সমন্বিত প্রচেষ্টায় লড়াই করে যাচ্ছে মর্তের মানুষগুলো। এর ভেতরেই চলছে নানা কার্যক্রম।

খেলাধুলা স্থগিত থাকলেও সীমিত পরিসরে হলেও ঠিকই চলছে বিশ্বের ক্রীড়া ফেডারেশনগুলোর কার্যক্রম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজকর্ম চালিয়ে নিচ্ছে অনলাইনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, খেলার বাইরের কাজগুলো নিয়মিতই করতে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কাজ এগিয়ে নিচ্ছেন তারা।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর এক সপ্তাহ পরে স্থগিত করা হয় দেশের খেলাধুলা। ১৭ মার্চ থেকে দেশে চলমান সব ধরনের খেলা স্থগিত করে ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবিও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে। ২২ মার্চ থেকে বিসিবি কার্যালয় লকডাউন করা হয়। সেই থেকে বাসায় বসে অনলাইন অফিস করছেন বিসিবি কর্মকর্তারা।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'রাষ্ট্রীয়ভাবে ছুটি চললেও অনলাইনে আমাদের কাজ করতে হচ্ছে। ২২ মার্চ থেকেই আমরা রিমোট অফিস করছি। আমরা প্রত্যেকে পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি। যখন যেটা দরকার হচ্ছে 'সাপোর্টিং ম্যানেজাররা' সেটা সাপোর্ট করছে। যার যেটা কাজ সেটা চলছে। খেলা বা ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে আমাদের অনেক কাজ থাকে। জাতীয় দলের সফর আছে, টুর্নামেন্ট আছে, বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে সংশ্নিষ্ট বিভাগকে কাজ করতে হচ্ছে। সেগুলো বন্ধ হয়ে নেই। সেই কাজগুলো হচ্ছে।'

বিসিবির মতো আইসিসির প্রধান কার্যালয় 'লকডাউন' করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অফিস চলছে অনলাইনে। গত মাসের শেষদিকে অনলাইনে আইসিসির সভাও হয়েছে। সিইও নিজামউদ্দিন জানান, অনলাইনে আইসিসির অনেক কাজই করতে হচ্ছে সদস্য দেশগুলোকে।

তিনি বলেন, 'প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আইসিসি ইভেন্ট আছে সামনে। আইসিসির বিভিন্ন চাওয়া থাকে বিভিন্ন সময়। সেগুলো দিতে হয়। আইসিসির টেলিকনফারেন্স থাকে সেগুলোতে যোগ দিচ্ছি। গতকাল (সোমবার) যেমন 'অ্যান্টি ডোপিংয়ের' একটা টেলিকনফারেন্স হলো। আগামীকাল একটি কনফারেন্স আছে। এগুলো তো হচ্ছে নিয়মিত।'

স্বাভাবিক সময়েও আন্তর্জাতিক যোগাযোগগুলো অনলাইনে করতে হতো বিসিবিকে। বিশেষ করে ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে সিরিজ নির্ধারণ থেকে শুরু করে বিশাল কর্মযজ্ঞ অনলাইনেই পরিচালিত হয়। শুধু আইসিসির সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামউদ্দিনকে সশরীরে যোগ দিতে হতো। বর্তমান পরিস্থিতি সেটাকেও নিয়ে গেছে অনলাইনে। এতে করে অনলাইন যোগাযোগ এবং কার্যক্রমের একটা মহড়াও হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে বিসিবি সিইও বলেন, 'একটা ক্রান্তিকালীন (ক্রাইসিসি মোমেন্ট)-এ সবাই অনলাইনে কাজ করছে। আমরা যেমন করছি, তেমন আইসিসিও করছে। আইসিসির অফিস লকডাউন করে দেওয়া হয়েছে বেশ আগে। খুব কম সংখ্যক লোকজন অফিসে আছে। অন্যরা আমাদের মতো বাসা থেকে অফিস করছে। আমার আজও (মঙ্গলবার) যেমন শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা হলো, আইসিসির সঙ্গে কথা হলো। সবাই একইভাবে কাজ করছে।'

এই অনলাইন দুনিয়ার বাইরেও কিছু কাজ হয় মাঠে, ক্রিকেট ভেন্যুগুলোতে। দেশের সব ক্রিকেট ভেন্যুতেই সীমিত পরিসরে ভাগে ভাগে কাজ করছেন মাঠকর্মীরা। স্বাভাবিক সময় ফিরে এলে দ্রুত সময়ে খেলা চালাতেই মাঠগুলো প্রস্তুত রাখছেন নিবেদিত এই কর্মীরা। আর কাজে আছেন নিরাপত্তা কর্মীরা।

আরও পড়ুন

×