‘চলুন একসঙ্গে অবসরে যাই’, রমিজকে খোঁচা মালিকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:৩১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:৩৭
ভারতের মাহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রায়ই যেমন গুঞ্জন বের হয়। বিভিন্ন মতামত পাওয়া যায়। বাংলাদেশে তেমনি মাশরাফি মর্তুজার অবসর নিয়ে মধ্যে বেশ কথা হয়েছে। পাকিস্তানে তেমনি মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অবসর নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। ক'দিন আগে মোহাম্মদ হাফিজ আগামী টি-২০ বিশ্বকাপ তার শেষ বলে জানিয়ে দিয়েছেন।
তবে শোয়েব মালিক হাঁটেননি সোজা পথে। বরং অবসর প্রশ্নে সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজার এক হাত নিলেন মালিক।রমিজ বলেছিলেন, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের অবসর নিয়ে ভাবা উচিত। শোয়েব মালিক তার জবাবে, তিন জনের একসঙ্গে অবসরে যাওয়ার প্রস্তাব করেছেন।
অস্ট্রেলিয়ায় চলতি বছরের অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা। যদিও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ওই বিশ্বকাপ হবে কি-না তা নিয়ে শঙ্কা আছে। তবে ওই বিশ্বকাপের জন্য আগে থেকে পাকিস্তানকে চিন্তা শুরু করতে বললেন রমিজ রাজা। তরুণদের সুযোগ দিতে বললেন। দল থেকে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকদের ছেঁটে ফেলতে বললেন। তার মতে, এখন পাকিস্তানে ওই দুই তারকার জায়গা নেওয়ার মতো তরুণের অভাব নেই।
রমিজ রাজা বলেন, 'আমার মনে হয় শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ অবসর গেলেই পাকিস্তানের জন্য মঙ্গল। আমাদের হাতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। তাদের নিয়ে আমাদের এগিয়ে যেতেই হবে।' রমিজের এই মন্তব্যে পাল্টা টুইট শোয়েব মালিকের, 'রমিজ ভাই, ঠিকই বলেছেন। আমিও একমত। যেহেতু আমাদের তিন জনেরই ক্যারিয়ার শেষের দিকে, চলুন সবাই মিলে সম্মানের সঙ্গেই বিদায় নেয়। ২০২২ সালে ক্রিকেট থেকে সরে পড়লে কেমন হয়?'
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শোয়েব মালিক। সর্বশেষ জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ খেলেন তিনি। ওদিকে ৩৯ বছর বয়সী হাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৩ সালে। তিনিও বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রমাণ দেন ফুরিয়ে যাননি এখনও। অন্যদিকে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রমিজ। এরপর নেমে যান ধারাভাষ্যে। সেই হিসেবে মালিক-হাফিজের ক্রিকেট ক্যারিয়ার এবং রমিজের ধারাভাষ্য ক্যারিয়ার প্রায় সম বয়সী। রমিজকে সেই ইঙ্গিতই করেছেন মালিক।
