তুলুজের বিপক্ষে পিএসজির স্কোয়াডে এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ১৬:৩১ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ১৬:৩১
পিএসজির সঙ্গে গত কয়েকটা মাস ভালো কাটেনি কিলিয়ান এমবাপ্পের। তিক্ততা এতই চরমে পৌঁছেছিল যে, এমবাপ্পে শেষমেশ আলাদা অনুশীলন শুরু করে দেন। অবশেষে নেইমার সৌদি আরবে যাওয়ায় শান্ত হয়েছে এমবাপ্পে-পিএসজির সম্পর্ক। মূল দলের অনুশীলনে ফেরার সপ্তাহখানেকের মধ্যে ম্যাচ স্কোয়াডেও জায়গা করে নিলেন ফরাসি ফরোয়ার্ড।
লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার তুলুজের মুখোমুখি হবে পিএসজি। তাই শুক্রবার ঘোষিত পিএসজির স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে। এছাড়া স্কোয়াডে আছেন দলে নতুন যোগ দেওয়া উসমান দেম্বেলেও। বার্সেলোনা ছেড়ে গত শনিবার পিএসজিতে নাম লেখান ফ্রান্সের গতিময় এই ফরোয়ার্ড।
এর আগে গুঞ্জন তৈরি হয়েছিল, ক্লাবের সঙ্গে সম্পর্কে তিক্ততা হওয়ায় এ মৌসুমেই পিএসজি ছাড়বেন এমবাপ্পে। কিন্তু সম্প্রতি ফরাসি তারকা জানিয়েছেন, পিএসজি ছেড়ে কোথাও যাবেন না তিনি। এমবাপ্পে পিএসজির প্রেসিডেন্টকে নিজেই জানিয়ে দিয়েছেন, চুক্তি অনুযায়ী আরও এক মৌসুম ফরাসি ক্লাবটিতেই থাকবেন তিনি।
এমবাপ্পেকে স্কোয়াডে পেয়ে ভীষন খুশি পিএসজির কোচ লুইস এনরিকে। তিনি বলেন, এটা আমাদের জন্য খুশির খবর যে এমবাপ্পে দলের সঙ্গে ফিরেছেন। প্রশিক্ষণে তাকে যতটুকু দেখেছি, সেখানে সে নিখুঁত। গত কয়েকদিনের চাপ এখন আর নেই। সে এখন বেশ ফুরফুরে। তার ইচ্ছা শক্তি প্রবল। মাঠে নিজের সেরাটা দিতে সে অনুশীলনেই নিজেকে সেভাবে ঝালিয়ে নেয়।'
বার্সেলোনা থেকে প্যারিসের যোগ দেওয়া দেম্বেলেকে নিয়ে কোচ বলেন, 'প্রথম মিনিট থেকেই সে খেলার জন্য প্রস্তুত। ১০ নম্বর জার্সিটাও নিয়েছেন ফরাসি এই উইঙ্গার।'
