বসুন্ধরায় আফগানদের হারানোর সুযোগ মিস
বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ছবি: বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৫ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৫
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার ফুটবলে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ক্রিকেটের কারণে ওই ম্যাচ আলো কাড়তে পারেনি। টিভি পর্দায় চোখ সেঁটে ছিল এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচে।
এর মধ্যে শক্তিতে বহু এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে একের পর এক গোল মিস করে হ্যাভিয়ের ক্যাবরেরর দল জয় বঞ্চিত হয়েছে।
একাধিক গোল মিসের মধ্যে সেরা মিসটা হয়েছে ম্যাচের ৫৪ মিনিটে। তরুণ ফুটবলার শেখ মোরছালিন যিনি কিনা বাংলাদেশ ফুটবলের নতুন তারকা হয়ে উঠেছেন; তিনিই ভুলে যাবার মতো এক মিস করেছেন।
রাকিব হোসেন বক্স থেকে তাকে ফাঁকায় বল ক্রস দিয়েছিলেন। বক্স থেকে গোলরক্ষককেও পরাস্থ করতে পারেননি তিনি। বল মেরে দেন বারের ওপর দিয়ে।
কিছুক্ষণ বাদেই গোল করার সুযোগ পেয়েছিলেন রাকিব। তিনিও ফাঁকায় বল পেয়েও জালে পাঠাতে পারেননি। ম্যাচে ওই দুটিই ছিল সেরা সুযোগ। গোল হওয়ার মতো আরও কিছু সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু কোনটি জালে পাঠাতে না পেরে গোল শূন্য সমতায় মাঠ ছাড়তে হয় ক্যাবরেরার দলের।