ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনার কাছে হেরে গেলেন বিশ্বজয়ী ফুটবলার

করোনার কাছে হেরে গেলেন বিশ্বজয়ী ফুটবলার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০০:৫০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০০:৫২

ওই একবারই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তখনকার দল ওয়েস্ট জার্মানিকে হারিয়ে। আর ওই ইতিহাসের একজন ছিলেন নরম্যান হান্টার। ইংলিশদের রক্ষণ সামলানোর অনেকটা দায়িত্ব ছিল যার কাঁধে। প্রতিপক্ষের আক্রমণ মুহূর্তেই রুখে দিতেন যে তারকা। সেই বিশ্বজয়ী ফুটবলারই হার মানলেন প্রাণঘাতী করোনার কাছে। গতকাল তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড এক বিবৃতিতে এমন খবরই দিল। এর পরই ফুটবলবিশ্বে নেমে এলো শোকের ছায়া।

ক্যারিয়ারে দীর্ঘদিন লিডসে খেলেছেন। তাদের রক্ষণেও তিনি ছিলেন দারুণ এক যোদ্ধা। সব মিলে ক্লাবটির হয়ে ৭২৬টি ম্যাচে অংশ নেন হান্টার। ১৫ বছরের এ লম্বা সময়ে জিতেছেন দুটি লিগ শিরোপা। এ ছাড়া ১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে অল্পের জন্য বায়ার্ন মিউনিখের কাছে ট্রফি হাতছাড়া করে তার দল।
তবে হান্টারের ক্যারিয়ারে সবচেয়ে আরাধ্যের অর্জন বিশ্বকাপ জেতা, যেটা নিয়ে ফুটবল ছাড়ার পরও গর্ব করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মাঠে ছিলেন। এ সময়ে খেলেছেন ২৮টি ম্যাচ।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকারাসহ অনেকে। পাশাপাশি লিডসের পক্ষ থেকেও দেওয়া হয়েছে শোকবার্তা। যে বার্তায় বলা হয়, 'হান্টারের এমন মৃত্যুতে আমরা শোকাহত। গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কভিড-১৯ থেকে কীভাবে তাকে বাঁচানো যায় সে চেষ্টাই করেছিলেন চিকিসকরা; কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না। তিনি ছিলেন আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার অবদানের কথা লিডস কোনোদিনই ভুলবে না।'

করোনার সঙ্গে লড়াইটাও কম করেননি হান্টার। ৭৬ বছর বয়সী এ তারকার কভিড-১৯ ধরা পড়েছিল গত ১০ এপ্রিল। সেদিনই তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতালে ভর্তি করানোর পর অবস্থার আরও অবনতি হতে থাকে। মাঝে কিছুটা ভালো লক্ষণ দেখা গেলেও শেষমেশ চলেই গেলেন না ফেরার দেশে।

আরও পড়ুন

×